ছবি: সংগৃহীত
এক বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। পুরুষদের এশিয়া কাপের পর এবার নারী এশিয়া কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানও বয়কট করেছে ভারতীয় দল।
রোববার শ্রীলঙ্কাকে হারিয়ে নারী এশিয়া কাপের শিরোপা জয়ের পর ভারতীয় দলের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল নাকভির। তবে ভূরাজনৈতিক উত্তেজনা এবং পাকিস্তানের প্রতি ভারতের অবস্থানের কারণে তার কাছ থেকে ট্রফি নিতে রাজি হয়নি বিসিসিআই। ফলে নির্ধারিত মঞ্চে ট্রফিও আনা হয়নি।
বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, নাকভির উপস্থিতিতে ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্ত আগেই এসিসিকে জানিয়ে দেওয়া হয়েছিল। বিকল্প হিসেবে এসিসির ডেপুটি চেয়ারম্যান খালিদ আল জারুনির মাধ্যমে ভারতীয় দলের হাতে ট্রফি তুলে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। তবে সেই প্রস্তাব নাকভি গ্রহণ না করায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে ভারত।
সাইকিয়া বলেন, প্রায় দেড় বছর আগে পুরুষদের এশিয়া কাপের সময় যে অবস্থান নিয়েছিল ভারত, এবারও সেই অবস্থান থেকে সরে আসেনি। দেশের বহু মানুষের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিদ্ধান্তটি বহাল রাখা হয়েছে বলেও জানান তিনি।
বিসিসিআইয়ের এই কর্মকর্তা আরও বলেন, এসিসির ডেপুটি চেয়ারম্যানের মাধ্যমে ট্রফি হস্তান্তরের অনুরোধ করা হলেও সেটি গ্রহণ করা হয়নি। তাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ না নেওয়া ছাড়া ভারতের সামনে আর কোনো পথ ছিল না।
তবে ট্রফি পাওয়া নিয়ে কোনো উদ্বেগ নেই বলেও জানিয়েছেন সাইকিয়া। তার আশা, শেষ পর্যন্ত পুরুষ ও নারী—দুই এশিয়া কাপের ট্রফিই ভারতের হাতে পৌঁছাবে।