ছবি: সংগৃহীত
নারী রেফারির সঙ্গে হাত মেলানোর সময় লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করার ঘটনায় ফেদেরিকো হিগুয়েইনকে বরখাস্ত করেছে মেজর লিগ সকারের (এমএলএস) দল কলম্বাস ক্রু। গতকাল ক্লাবটি তাঁর বরখাস্তের খবর জানিয়েছে।
কলম্বাস ক্রুর রিজার্ভ দল ‘কলম্বাস ক্রু ২’ যুক্তরাষ্ট্রের তৃতীয় স্তরের প্রতিযোগিতা এমএলএস নেক্সট প্রোতে খেলে। গত বছর দলটির কোচের দায়িত্ব নেন ফেদেরিকো। এর আগে কলম্বাস ক্রুর মূল দলে আট মৌসুম খেলেছেন সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড।
গত ২৪ আগস্ট হান্টসভিল সিটির বিপক্ষে ম্যাচের পর ঘটনাটি ঘটে। ১-০ গোলে হারের পর এক নারী অফিশিয়ালের সঙ্গে হাত মেলানোর সময় ফেদেরিকো তাঁর হাত ধরে রাখেন এবং ছাড়তে চাননি। একই সময় তাঁকে উদ্দেশ করে বলেন, ‘ভুলে যেয়ো না, এটা পুরুষদের খেলা।’
পেশাদার ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের ভাষ্য অনুযায়ী, ওই নারী অফিশিয়ালের সঙ্গে ফেদেরিকো দুবার উদ্দেশ্যপ্রণোদিত শারীরিক আচরণ করেন। তিনবার বলার পরও তিনি হাত ছাড়েননি বলে সংগঠনটি জানিয়েছে। ঘটনার জন্য তাঁকে লাল কার্ড দেখানো হয় এবং দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়।
তবে পরে ক্লাবের অভ্যন্তরীণ পর্যালোচনার পর তাঁকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কলম্বাস ক্রু। ক্লাবটির জেনারেল ম্যানেজার ইসা তাল বলেন, ক্লাব, খেলোয়াড় ও সহকর্মীদের স্বার্থ বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর মতে, দলের একজন কোচের কাছ থেকে যে ধরনের আচরণ প্রত্যাশিত, ফেদেরিকো তা বজায় রাখতে পারেননি।
‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদনে ক্লাব সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, পরবর্তী আলোচনায় ফেদেরিকো নিজের আচরণের জন্য অপরাধ স্বীকার বা অনুশোচনা প্রকাশ করেননি এবং প্রকাশ্যে ক্ষমাও চাননি।
ফেদেরিকো হিগুয়েইন আর্জেন্টিনার সাবেক ফুটবলার। তাঁর ছোট ভাই গঞ্জালো হিগুয়েইন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক স্ট্রাইকার। গঞ্জালো ২০১৪ বিশ্বকাপের ফাইনালে খেলেছেন এবং রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে লিগ শিরোপা জিতেছেন। ২০২১ সালে খেলোয়াড়ি জীবন শেষ করার পর ফেদেরিকো কোচিংয়ে যুক্ত হন।