ছবি: সংগৃহীত
বিপিএলের একাদশ আসরে ফিক্সিং-সংক্রান্ত অভিযোগের তদন্তে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় দেশের নয় ক্রিকেটারের বিরুদ্ধে কোনো চার্জ গঠন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সন্দেহের তালিকায় থাকা এসব ক্রিকেটারকে নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছে বিসিবির ইনটিগ্রিটি ইউনিট।
শনিবার এক সংবাদ সম্মেলনে বিসিবি ইনটিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল জানান, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ না থাকায় নয় ক্রিকেটারের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়নি। তবে তাদের নজরদারিতে রাখার মতো যথেষ্ট তথ্য-প্রমাণ ইনটিগ্রিটি ইউনিটের হাতে রয়েছে বলে দাবি করেন তিনি।
বিসিবি ইনটিগ্রিটি ইউনিটের জেনারেল কাউন্সিলর ব্যারিস্টার মাহিন এম রহমান জানান, সন্দেহের তালিকায় থাকা ক্রিকেটারদের নজরদারিতে রাখার বিষয়টি তাদের জানানো হবে। সংশ্লিষ্ট খেলোয়াড়দের ই-মেইলের মাধ্যমে বিষয়টি অবহিত করার কথা রয়েছে। ভবিষ্যতে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেলে নজরদারিতে থাকা যেকোনো ক্রিকেটারের বিরুদ্ধে চার্জ গঠন করা হতে পারে বলেও জানান তিনি।
বিপিএলের ১১তম আসরে ফিক্সিং-সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানে গঠিত স্বাধীন তদন্ত কমিটি বিসিবির কাছে প্রায় ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে অ্যালেক্স মার্শাল দেশি-বিদেশি কয়েকজন ক্রিকেটার, কর্মকর্তা ও কোচিং স্টাফকে বিপিএলের ১২তম আসরে সম্পৃক্ত না করার সুপারিশ করেছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে।
সেই তালিকায় থাকা বাংলাদেশের নয় ক্রিকেটার হলেন—এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, আল আমিন হোসেন, মিজানুর রহমান, আরিফুল হক, মোহাম্মদ নিহাদুজ্জামান ও সানজামুল ইসলাম। তাঁদের বিপিএলের ১২তম আসরের ড্রাফটে রাখা হয়নি। তবে বিপিএল ছাড়া দেশের অন্যান্য ঘরোয়া লিগ ও টুর্নামেন্টে খেলেছেন তাঁরা। মোসাদ্দেক হোসেন সৈকত জাতীয় দলের হয়েও খেলছেন।
বিসিবি সভাপতি তামিম ইকবাল এর আগে জানিয়েছিলেন, নয় ক্রিকেটারের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না থাকায় তাঁদের জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে কোনো বাধা নেই। অ্যালেক্স মার্শালও স্পষ্ট করেছেন, কোনো ক্রিকেটারের ওপর বর্তমানে নিষেধাজ্ঞা বা অন্য কোনো বিধিনিষেধ নেই।
মার্শালের ভাষ্য অনুযায়ী, বিপিএলের ১২তম আসরে খেলোয়াড়দের সম্পৃক্ত না করার সুপারিশটি শুধু ওই আসরের জন্যই প্রযোজ্য ছিল। বর্তমানে তাঁদের ক্রিকেট খেলা নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই।
তবে বিসিবির জেনারেল কাউন্সিলর জানিয়েছেন, সন্দেহের তালিকায় থাকা ক্রিকেটারদের ওপর নজরদারি অব্যাহত থাকবে। তিনি বলেন, বিসিবি বা মার্শাল আনুষ্ঠানিকভাবে ওই নয় ক্রিকেটারের নাম প্রকাশ করেননি; একটি মামলার সূত্রে তাঁদের নাম সামনে এসেছে। অকাট্য প্রমাণ না থাকায় তাঁদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়নি। তবে সন্দেহের তালিকায় রাখার মতো তথ্য থাকায় নজরদারি চলবে।
বিসিবির এই অবস্থান থেকে স্পষ্ট, বর্তমানে ওই নয় ক্রিকেটারের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেই। তবে ভবিষ্যৎ তদন্তে নতুন তথ্য বা পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে।