ছবি: সংগৃহীত
বছরের শুরুতে কোনো কারণ না জানিয়েই টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে রশিদ খানকে সরিয়ে দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তাঁর পরিবর্তে দায়িত্ব দেওয়া হয় ওপেনিং ব্যাটার ইব্রাহিম জাদরানকে।
রেড বুলের আয়োজনে ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে নীরবতা ভাঙেন রশিদ। তিনি জানান, বোর্ডের সিদ্ধান্ত ঘোষণার আগে বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানতেন না।
রশিদ বলেন, ‘ওই সময় ঠিক কী হয়েছিল, আমি জানতামও না। বোর্ড যখন এটা ঘোষণা করল, আমি জানার জন্য (অধিনায়কত্ব পরিবর্তনের কারণ) এসেছিলাম।’
রশিদের নেতৃত্বে ৪৮টি টি-টোয়েন্টি খেলেছে আফগানিস্তান। এর মধ্যে জয় ২৬টি, হার ২২টি। জয়-হারের হিসাবে আফগান অধিনায়কদের মধ্যে তাঁর ওপরে আছেন কেবল আসগর আফগান।
নিজের নেতৃত্বের সময়ের সাফল্যের কথাও তুলে ধরেন রশিদ। তিনি বলেন, তাঁর অধিনায়কত্বে আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে এবং ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছে। তবে কিছু বিষয় সবসময় নিজের নিয়ন্ত্রণে থাকে না বলেও মন্তব্য করেন তিনি।
রশিদ বলেন, ‘আমি এখন সামনের দিকে তাকিয়ে, অধিনায়ক থাকি বা না থাকি, আমি আফগানিস্তানকে প্রতিনিধিত্ব করতে পারছি, এতেই গর্বিত।’
অধিনায়কত্বের বাইরে নিজের পারফরম্যান্স ও দলের সাফল্যেই এখন মনোযোগ দিতে চান রশিদ। তাঁর ভাষায়, নিজের নিয়ন্ত্রণে থাকা বিষয় হলো আফগানিস্তানের হয়ে ভালো খেলা এবং দলকে জেতানো।