র‍্যাঙ্কিংয়ে দুইয়ে রশিদ, তবে টি-টোয়েন্টিতে উইকেটের রাজা তিনিই

Pinky Saha Pinky Saha ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৫ PM BST ৩০ বার পঠিত
র‍্যাঙ্কিংয়ে দুইয়ে রশিদ, তবে টি-টোয়েন্টিতে উইকেটের রাজা তিনিই

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রশিদ খান আর এক নম্বর বোলার নন। আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে তাঁকে দুইয়ে ঠেলে শীর্ষে উঠেছেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ।

৭৩৬ রেটিং পয়েন্ট নিয়ে আবরার এখন এক নম্বরে। রশিদের রেটিং ৭৩৫। সাম্প্রতিক পারফরম্যান্সের ওপর র‍্যাঙ্কিংয়ের হিসাব অনেকটাই নির্ভর করায় অল্প ব্যবধানেই বদলে যেতে পারে অবস্থান।

ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় রশিদ এক রেটিং পয়েন্ট হারিয়েছেন। তাতেই প্রায় ছয় মাস ধরে ধরে রাখা শীর্ষস্থানটি চলে গেছে আবরারের কাছে। মজার বিষয়, এই সময়ে আবরার কোনো ম্যাচই খেলেননি। র‍্যাঙ্কিংয়ের হিসাবেই তিনি উঠে এসেছেন শীর্ষে।

উইকেটের হিসাবে রশিদ অনেক এগিয়ে

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির বোলিং র‍্যাঙ্কিং আর মোট উইকেটের হিসাব এক বিষয় নয়। উইকেটের সংখ্যায় রশিদ খান এখনো সবার ওপরে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফগানিস্তানের এই লেগ স্পিনারের উইকেট ১৯৭টি। তালিকার দুইয়ে রয়েছেন ইংল্যান্ডের আরেক লেগ স্পিনার আদিল রশিদ, তাঁর উইকেট ১৭১টি। অর্থাৎ ২৬ উইকেটে এগিয়ে রয়েছেন আফগানিস্তানের রশিদ।

শুধু উইকেটেই নয়, ম্যাচ খেলার হিসাবেও এগিয়ে রশিদ। আদিল রশিদের চেয়ে ৩৫টি ম্যাচ কম খেলেই তিনি এই ১৯৭ উইকেট পেয়েছেন। দুজনের বয়সের ব্যবধানও ১০ বছর। ৩৮ বছর বয়সেও ইংল্যান্ডের আদিল রশিদ কার্যকর থাকলেও তাঁর ক্যারিয়ারের শেষটা কতটা দূরে, সেটি সময়ই বলে দেবে।

অন্যদিকে আফগানিস্তানের ২৮ বছর বয়সী রশিদ খানের ক্যারিয়ার এখনো মাঝপথে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর সামনে আরও অনেক মাইলফলক অপেক্ষা করছে।

প্রতিদ্বন্দ্বীরা কোথায়?

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় রশিদের পর রয়েছেন নিউজিল্যান্ডের ইশ সোধি, টিম সাউদি এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে সাউদি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে রশিদের সঙ্গে ভবিষ্যতে উইকেটের ব্যবধান কমানোর সুযোগ অন্যদের জন্যই বেশি।

সব ধরনের টি-টোয়েন্টিতে রশিদের একচ্ছত্র আধিপত্য

আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে সব ধরনের স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে রশিদ খানের আধিপত্য আরও স্পষ্ট।

এই সংস্করণে তাঁর উইকেট ৭৪০টি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সুনীল নারাইনের উইকেট ৬৫৮টি। অর্থাৎ দুইয়ের সঙ্গে রশিদের ব্যবধান ৮২ উইকেট। এখনো আর কোনো বোলার ৭০০ উইকেটের মাইলফলকও ছুঁতে পারেননি।

৩৮ বছর পেরোনো সুনীল নারাইন এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে। ৬৩১ উইকেট নিয়ে তালিকার তিনে থাকা ডোয়াইন ব্রাভো পেশাদার ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন।

চার নম্বরে থাকা ইমরান তাহিরের বয়স ৪৭। তিনি অবশ্য এখনো সিপিএলসহ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। পাঁচে থাকা আন্দ্রে রাসেলও আইপিএল থেকে অবসর নিয়েছেন এবং ক্যারিয়ারের সেরা সময় পেছনে ফেলে এসেছেন।

ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সাময়িকভাবে দুইয়ে নেমে গেলেও সব ধরনের টি-টোয়েন্টিতে উইকেটের হিসাবে রশিদ খানের আধিপত্য এখনো অক্ষুণ্ন। তাঁর ৭৪০ উইকেটের ধারেকাছেও নেই বর্তমান তালিকার অন্য কোনো বোলার।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: