শচীনের রেকর্ড ভেঙে টেস্টে নতুন ইতিহাস গড়লেন জো রুট

Pinky Saha Pinky Saha ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৪ PM BST ২৮ বার পঠিত
শচীনের রেকর্ড ভেঙে টেস্টে নতুন ইতিহাস গড়লেন জো রুট

ছবি: সংগৃহীত

বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট। পাকিস্তানের বিপক্ষে এজবাস্টন টেস্টে ম্যাচজয়ী ৬২ রানের ইনিংস খেলে টেস্ট ক্রিকেটে সর্বাধিক হাফ সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। ৬৯তম টেস্ট ফিফটি করে রুট পেছনে ফেলেছেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ৬৮টি হাফ সেঞ্চুরির রেকর্ড।

শনিবার পাকিস্তানের দেওয়া ১৩০ রানের লক্ষ্য তাড়ায় ৬৯ বলে ৮টি চারের সাহায্যে অপরাজিত ৬২ রান করেন রুট। তাঁর এই ইনিংসেই সহজ জয় পায় ইংল্যান্ড। রেকর্ডটি গড়তে রুট খেলেছেন ১৬৯টি টেস্ট। অন্যদিকে শচীন ২০০ টেস্টে ৬৮টি হাফ সেঞ্চুরি করেছিলেন।

রেকর্ড ভাঙার পর নিজের অনুভূতি জানিয়ে রুট বলেন, কঠিন ও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই দলের খেলোয়াড়দের প্রকৃত চরিত্র বোঝা যায়। পুরো সিরিজে ইংল্যান্ড যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং নিজেদের সামর্থ্য মেলে ধরেছে, তাতে সন্তুষ্ট এই অভিজ্ঞ ব্যাটার।

ইংল্যান্ডের জন্য চলতি গ্রীষ্মটা ছিল বেশ ঘটনাবহুল। বেন স্টোকসের অবসর, কোচ ব্রেন্ডন ম্যাককালামের বিদায় এবং মাঠের বাইরের নানা বিতর্কের মধ্যেই দলের নেতৃত্বের দায়িত্ব সামলেছেন রুট। দ্বিতীয় দফায় টেস্ট অধিনায়কত্ব পেয়ে দলকে স্থিতিশীল নেতৃত্ব দেওয়ার পাশাপাশি মাঠেও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

রুট জানিয়েছেন, সিরিজ শুরুর আগে ইংল্যান্ড দলের চারপাশে নানা ধরনের অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা থাকলেও মাঠের ভেতর-বাইরে সবাই পরিস্থিতি সামলে নিজেদের দায়িত্ব বুঝতে পেরেছেন। শুরু থেকেই ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের লক্ষ্য ছিল এবং শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ হওয়ায় তিনি সন্তুষ্ট।

তবে নতুন রেকর্ড গড়ার পরও দলের উন্নতির জায়গা রয়েছে বলে মনে করেন রুট। তাঁর মতে, ইংল্যান্ড এখনো নিখুঁত দল হয়ে ওঠেনি। দলের সংস্কৃতি ও মানসিকতায় পরিবর্তন আনা একটি চলমান প্রক্রিয়া, যা রাতারাতি সম্ভব নয়। প্রতিদিনের কাজ ও আচরণের মধ্য দিয়েই সেই পরিবর্তন ধরে রাখতে হবে।

টেস্টে সর্বাধিক হাফ সেঞ্চুরির রেকর্ড দখলে নেওয়ার পাশাপাশি সর্বাধিক রানের রেকর্ডের দৌড়েও এগিয়ে চলেছেন রুট। শচীন টেন্ডুলকারের টেস্টে ১৫ হাজার ৯২১ রানের সর্বকালের রেকর্ডের কাছাকাছি চলে এসেছেন তিনি। রুটের রান এখন ১৪ হাজার ২৭৮। ফলে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে শচীনের আরেকটি ঐতিহাসিক রেকর্ডও ভবিষ্যতে রুটের সামনে বড় লক্ষ্য হয়ে উঠেছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: