আকাশের দিকে দুই হাত!এটাই মিরাজের জবাব।বিশ্বমানের বোলার প্রমাণ করলেন আবার।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেক ম্যাচে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভারে চার উইকেট নিয়ে দলকে ৬ উইকেটের জয় এনে দেওয়ার পাশাপাশি ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি।
প্রভিডেন্সে টস জিতে ব্যাট করতে নেমে নাইট রাইডার্সের হয়ে কলিন মানরো ২৬ রান করেন। নিজের প্রথম ওভারেই মানরো ও নিকোলাস পুরানকে বোল্ড করেন মিরাজ। পরে উরি গোলি ও সুনীল নারাইনকেও বোল্ড করে চার উইকেট পূর্ণ করেন তিনি। চারটি উইকেটই এসেছে বোল্ডের মাধ্যমে। দারুণ বোলিংয়ের পর মিরাজকে দেখা যায় তাঁর পরিচিত নাগিন ড্যান্সে উদ্যাপন করতে।
মিরাজের পাশাপাশি ইমরান তাহির একটি ও শামার জোসেফ দুটি উইকেট নেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রান করে ত্রিনবাগো। রান তাড়ায় মিরাজ ব্যাট হাতে অবশ্য ব্যর্থ হন। ১৪ বলে করেন মাত্র ২ রান। তবে শাই হোপের অপরাজিত ৪২ রানের ইনিংসে ভর করে গায়ানা ৮ বল হাতে রেখে ৬ উইকেটে জয় পায়।
এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও শক্ত করেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ৯ ম্যাচে ৮ জয় নিয়ে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। এরই মধ্যে প্লে-অফও নিশ্চিত করেছে দলটি।
ম্যাচ শেষে নিজের সাফল্যের রহস্য জানিয়ে মিরাজ বলেন, তিনি শুধু সঠিক জায়গায় বল করার চেষ্টা করেছেন। উইকেটে টার্ন ছিল এবং স্পিনারদের জন্য সহায়তা থাকায় স্টাম্প লক্ষ্য করে বোলিংয়ে মনোযোগ দিয়েছিলেন তিনি।