শুটিংয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট, ভারতের সিরিজ নিয়ে শঙ্কায় রবীন্দ্র

Pinky Saha Pinky Saha ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ PM BST ২৮ বার পঠিত
শুটিংয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট, ভারতের সিরিজ নিয়ে শঙ্কায় রবীন্দ্র

Photo Collected

ক্যাচ ধরতে গিয়ে ক্রিকেটারদের চোট পাওয়ার ঘটনা নতুন নয়। তবে প্রচারণামূলক শুটিংয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট পাওয়ার ঘটনা কিছুটা অপ্রত্যাশিত। এমনই এক দুর্ঘটনার শিকার হয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।

অকল্যান্ডে একটি প্রচারণামূলক শুটিংয়ে ডাইভ দিয়ে ক্যাচ ধরার সময় চোট পান রবীন্দ্র। ক্যাচটি ধরতে গিয়ে নিরাপত্তার জন্য রাখা ম্যাটের ওপর অস্বাভাবিকভাবে পড়ে যান তিনি। এতে তাঁর ডান কাঁধের হাড়ের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

প্রাথমিক পরীক্ষায় বড় ধরনের কোনো সমস্যা ধরা পড়েনি। তবে চোট থেকে সেরে উঠে কবে মাঠে ফিরতে পারবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুনর্বাসনের প্রথম কয়েক সপ্তাহে তাঁর শারীরিক অগ্রগতি পর্যবেক্ষণের পর ফেরার সময় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

রবীন্দ্রর চোটে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তাঁর খেলা নিয়ে। আগামী ২২ অক্টোবর ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড। এই সিরিজের জন্য দল আগামী সপ্তাহে ঘোষণা করার কথা রয়েছে।

নিউজিল্যান্ডের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডল ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন। তাঁর ভাষ্য, দলের মূল লক্ষ্য এখন রবীন্দ্র যেন ভালোভাবে সুস্থ হয়ে যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে পারেন।

শুটিংয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়েও কথা বলেছেন স্যান্ডল। তিনি জানান, খেলোয়াড়দের অংশগ্রহণ করা সব বাণিজ্যিক শুটিং সংশ্লিষ্ট সবার সম্মতিতে আগে থেকেই পরিকল্পনা করা হয় এবং এ ক্ষেত্রেও যথাযথ নিরাপত্তাব্যবস্থা ছিল। তবে ঘটনাটিকে অপ্রত্যাশিত দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের আয়োজনের নিরাপত্তা প্রক্রিয়া আরও পর্যালোচনার কথা জানিয়েছেন তিনি।

রবীন্দ্রকে দ্রুত মাঠে ফেরানোর ঝুঁকি নিতেও চাইছে না নিউজিল্যান্ড দল। আগামী ছয় মাসে দলের ব্যস্ত টেস্ট সূচি থাকায় পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাঁকে ফেরানোর ক্ষেত্রে কোনো তাড়াহুড়া করতে চান না কোচ রব ওয়াল্টার।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শেষ হবে ১ নভেম্বর। এরপর দুই দল পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচের সিরিজে মুখোমুখি হবে। ফলে সামনের সময়টায় নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেট সূচি বেশ ব্যস্ত। এই পরিস্থিতিতে রবীন্দ্রর পুনর্বাসন ও সুস্থ হয়ে ওঠার অগ্রগতিই তাঁর পরবর্তী ম্যাচগুলোতে ফেরার বিষয়টি নির্ধারণ করবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: