Photo Collected
পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও ইমাম-উল-হককে ঘিরে চলমান সাইবার অপরাধ তদন্তে নতুন মোড় এসেছে। দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত নিয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি রিজওয়ানকে দিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ইংল্যান্ড সফরের মাঝপথে রিজওয়ান, ইমামসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠায় পিসিবি। এরপর তাদের বিরুদ্ধে সম্ভাব্য দুর্নীতি ও অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। এ ঘটনায় রিজওয়ান ও ইমামকে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে তাদের মোবাইল ফোন জব্দ করে পিসিবির নিরাপত্তা দল।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও পিসিবির তদন্ত নিয়ে প্রকাশ্যে বক্তব্য দিতে রিজওয়ান দুইবার বোর্ডের কাছে অনুমতি চেয়েছিলেন। তবে দুই আবেদনই প্রত্যাখ্যান করা হয়েছে।
নিজের অবস্থান পরিষ্কার করতে চেয়েছিলেন রিজওয়ান। এর আগে তিনি আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের কাছেও চিঠি দিয়ে তদন্তের প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছিলেন। এনসিসিআইএকে দেওয়া জবাবেও তদন্তের কারণ এবং নিজের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, পিসিবির কেন্দ্রীয় চুক্তির ৪.১ ধারা অনুযায়ী, চুক্তির আওতাভুক্ত কোনো বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার আগে ক্রিকেটারকে বোর্ডের অনুমতি নিতে হয়। সেই শর্ত মেনেই রিজওয়ান দুই দফা অনুমতি চেয়েছিলেন।
এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রিজওয়ানের মোবাইল ফোন এখনও তাকে ফেরত দেওয়া হয়নি। অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত অভিযোগের মধ্যে রিজওয়ান ও ইমামের ফোনে থাকা বিভিন্ন লেনদেনের তথ্যও পিসিবির নিরাপত্তা দল খতিয়ে দেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।a