ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শৈশবের বাড়ি নিউইয়র্কের কুইন্সে ১.৯৩ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা বাড়িটি সংস্কার করে আধুনিক বাসভবনে রূপ দেওয়ার পর গত জুলাইয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতার কাছে বিক্রি করা হয়।
১৯৪০ সালে ট্রাম্পের বাবা ফ্রেড ট্রাম্প কুইন্সের টিউডর-শৈলীর পাঁচ শোবার ঘরের বাড়িটি নির্মাণ করেন। জীবনের প্রথম চার বছর এই বাড়িতেই কাটিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে বহু বছর আগে বাড়িটির মালিকানা ট্রাম্প পরিবারের হাতছাড়া হয়ে যায়।
দীর্ঘদিন খালি পড়ে থাকার কারণে বাড়িটির পাইপ ফেটে ক্ষতি হয় এবং একপর্যায়ে সেটি বিড়ালের দখলেও চলে যায়। পরে গত বছর ডেভেলপার টমি লিন প্রায় ৮ লাখ ডলারে সম্পত্তিটি কিনে নেন। এরপর আরও প্রায় ৫ লাখ ডলার ব্যয়ে বাড়িটিতে সংস্কার করা হয়। আধুনিক রান্নাঘর, কাঠের মেঝে ও স্পা-ধাঁচের বাথরুমসহ বিভিন্ন সুবিধা যুক্ত করে বাড়িটিকে নতুন রূপ দেওয়া হয়।
২০১৭ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর বাড়িটি ২.১৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। পরবর্তী সময়ে ট্রাম্পের বিভিন্ন স্মারকসহ বাড়িটি কিছু সময়ের জন্য এয়ারবিএনবিতেও তালিকাভুক্ত ছিল। তবে ২০১৯ সালে উচ্চমূল্যে পুনরায় বিক্রির চেষ্টা ব্যর্থ হওয়ার পর সম্পত্তিটি দীর্ঘদিন অবহেলিত অবস্থায় পড়ে ছিল।
সাম্প্রতিক সংস্কারের পর বাড়িটি আবারও বাজারে আসে এবং শেষ পর্যন্ত ১.৯৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়। ট্রাম্পের শৈশবের স্মৃতিবিজড়িত এই বাড়ির মালিকানা এখন নতুন ক্রেতার হাতে।