collected
এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় আকস্মিক কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার যুক্তরাজ্যজুড়ে বিমান চলাচলে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। ফ্লাইট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, সংকটের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল হয় এবং দেশটির অন্তত ১৫টি বিমানবন্দরসহ ইউরোপের বিভিন্ন আকাশপথে এর প্রভাব পড়ে। ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (NATS) সন্ধ্যার দিকে ত্রুটি ঠিক করলেও শিডিউল স্বাভাবিক হতে সময় লাগে। এতে হাজারো যাত্রী দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা, ফ্লাইট বাতিল ও বিলম্ব, উড়োজাহাজের ভেতরে আটকে থাকা এবং লাগেজ পেতে ভোগান্তির শিকার হন। হিথ্রো, গ্যাটউইক, স্ট্যানস্টেড, লন্ডন সিটি ও ম্যানচেস্টারসহ বিভিন্ন বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ব্রিটিশ এয়ারওয়েজ শতাধিক ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তনের কথা জানিয়েছে। রায়ানএয়ার জানিয়েছে, ৬৫ হাজারের বেশি যাত্রী দুর্ভোগে পড়েছেন এবং ৫০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে।