ছবি: সংগৃহীত
নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে লো-স্কোরিং এক রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেটের নাটকীয় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। দুবাইয়ে মাত্র ১১৪ রানের লক্ষ্য পেয়েও শেষ ওভার পর্যন্ত লড়াই করতে হয়েছে লঙ্কানদের। শেষ পর্যন্ত চার বল হাতে রেখে জয় তুলে নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই শ্রীলঙ্কার স্পিন আক্রমণের সামনে চাপে পড়ে বাংলাদেশ। পঞ্চম ওভারে জুরাইরা ফেরদৌসের বিদায়ের পর সপ্তম ওভারে দিলারা আক্তারকে আউট করেন ১৭ বছর বয়সী বাঁহাতি স্পিনার চামুদি প্রাবোদা। দিলারা ২৬ বলে ২৬ রান করেন।
এরপর সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তারের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। দুজন মিলে ৪১ রানের জুটি গড়েন। মোস্তারি ৪১ বলে ৩৪ এবং স্বর্ণা ১৪ বলে ৯ রান করেন। তবে শেষ দিকে প্রাবোদার এক ওভারে দুই ব্যাটার ফিরে গেলে বড় সংগ্রহের সম্ভাবনা নষ্ট হয়। নির্ধারিত ওভারে বাংলাদেশ থামে ১১৪ রানে। শ্রীলঙ্কার হয়ে প্রাবোদা ২১ রানে ৩ উইকেট এবং সুগান্দিকা কুমারি নেন ২ উইকেট।
স্বল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বাংলাদেশকে দারুণ সম্ভাবনা দেখান পেসার মারুফা আক্তার। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে ফেরান তিনি। পরের ওভারে জাফ্ফাকেও সাজঘরে পাঠান মারুফা।
পাওয়ারপ্লের শেষ বলে সুলতানা খাতুন সাঞ্জানা কাভিন্দিকে আউট করলে আরও চাপে পড়ে শ্রীলঙ্কা। দশম ওভারে মাত্র ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে বড় ব্যাটিং বিপর্যয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
তবে ষষ্ঠ উইকেটে হার্ষিথা সামারাবিক্রমা ও নিলাকশিকা সিলভার ৩৮ রানের জুটি ম্যাচে শ্রীলঙ্কাকে ফিরিয়ে আনে। ১৭তম ওভারে মারুফা নিলাকশিকা সিলভাকে ফিরিয়ে নিজের ক্যারিয়ারসেরা বোলিংয়ের নজির গড়েন। ২১ রানে ৩ উইকেট নিয়ে স্পেল শেষ করেন বাংলাদেশের এই পেসার।
তখনও জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল গুরুত্বপূর্ণ কিছু রান। শেষ দিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হার্ষিথা সামারাবিক্রমা। রিতু মনির করা ১৯তম ওভারে এক চার ও এক ছক্কায় ১৬ রান তুলে নেন তিনি। এরপর নাহিদা আক্তারের বলেও ছক্কা হাঁকিয়ে জয়ের সমীকরণ আরও সহজ করে দেন।
শেষ ওভারের দ্বিতীয় বলে লেগ বাই থেকে প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলঙ্কা। চার বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে তারা।
এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আগামী শুক্রবার ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে তারা। অন্যদিকে স্বল্প রানের পুঁজি নিয়ে দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত জয় হাতছাড়া হয়েছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশের।