এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট শুরু কাল, বাংলাদেশের ম্যাচ কবে?

Pinky Saha Pinky Saha ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৮ PM BST ৩৫ বার পঠিত
এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট শুরু কাল, বাংলাদেশের ম্যাচ কবে?

ছবি: সংগৃহীত

মেয়েদের ক্রিকেটের ফাইনাল হয়ে গেছে গতকাল। এবার আইচি-নাগোয়া এশিয়ান গেমসে শুরু হচ্ছে ছেলেদের ক্রিকেট। আগামীকাল উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে আফগানিস্তান। এশিয়ান গেমসে এটি ক্রিকেটের চতুর্থ আসর।

কোথায় হচ্ছে, কারা খেলবে

২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলবে ছেলেদের ক্রিকেট। অংশ নেবে ১০টি দল। আইসিসির পূর্ণ সদস্য হিসেবে সরাসরি জায়গা পেয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ ছাড়া বাছাইপর্ব পেরিয়ে এসেছে হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমান। স্বাগতিক হিসেবে খেলবে জাপান।

ফরম্যাট কেমন

বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা আইসিসি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। বাকি ছয় দল দুই গ্রুপে ভাগ হয়ে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর প্রথম রাউন্ডে খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে কোয়ার্টার ফাইনালে। এরপর হবে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল।

প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। প্রথম ম্যাচ স্থানীয় সময় সকাল ১০টায়, যা বাংলাদেশ সময় সকাল ৬টা। দ্বিতীয় ম্যাচ স্থানীয় সময় বেলা ২টায়, বাংলাদেশ সময় সকাল ১১টায়।

বাংলাদেশের ম্যাচ কবে

বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায়। ‘বি’ গ্রুপের হংকং, মালয়েশিয়া ও ওমানের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলবে তারা। কোয়ার্টার ফাইনালে জিতলে ১ অক্টোবর সকাল ১১টায় সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। ফাইনাল ৩ অক্টোবর।

এশিয়ান গেমসে ক্রিকেটের ইতিহাস

এশিয়ান গেমসে প্রথম ক্রিকেট অনুষ্ঠিত হয় ২০১০ সালে। সেবার ছেলেদের ইভেন্টে আফগানিস্তানকে হারিয়ে সোনা জিতেছিল বাংলাদেশ। এরপর ২০১৪ ও ২০২৩ সালেও ক্রিকেট অনুষ্ঠিত হয়। ২০২৩ সালের হাংঝু আসরে প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয় ভারত। বৃষ্টিতে ফাইনাল পরিত্যক্ত হলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সোনা পায় তারা।

বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে কী হবে

নকআউট পর্বের কোনো ম্যাচ বৃষ্টির কারণে ফল ছাড়া পরিত্যক্ত হলে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে বিজয়ী ঘোষণা করা হবে।

কোথায় হবে ম্যাচ

ছেলেদের ১৪টি ম্যাচই হবে নাগোয়ার উপকণ্ঠের নিসিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে। এ মাঠেই হয়েছে এশিয়ান গেমসের নারী ক্রিকেটের ম্যাচও। ম্যাচগুলো হবে হাইব্রিড পিচে। ২৪ সেপ্টেম্বর থেকে ওই এলাকায় ঝড়ের সম্ভাবনা থাকায় আবহাওয়াও ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: