Photo Collected
নাম শুনলে মনে হতে পারে তিনি অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। তবে নামের মিল থাকলেও পাকিস্তানের এই ১৭ বছর বয়সী কিশোর অস্ট্রেলিয়ার নন। স্কুল ক্রিকেটে দুর্দান্ত সেঞ্চুরি করে এবার ব্যাট হাতেও নিজের প্রতিভার জানান দিয়েছেন তিনি। তাঁর নামের চমকের পাশাপাশি নজর কেড়েছে মাঠের পারফরম্যান্সও।
হ্যাপি প্যালেস গ্রামার স্কুলের বিপক্ষে কামরান পাবলিক স্কুলের হয়ে মাত্র ১০৮ বলে ১১৭ রানের ঝলমলে ইনিংস খেলেছেন এই তরুণ। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ৪০ ওভারে ২৯৭ রানের বড় সংগ্রহ গড়ে কামরান পাবলিক স্কুল। পরে প্রতিপক্ষকে ১৭২ রানের বিশাল ব্যবধানে হারায় দলটি।
পাকিস্তানের এই কিশোরের নামের পেছনেও রয়েছে মজার গল্প। তাঁর মা রেখেছিলেন ‘অ্যাডাম’ নামটি। আর অস্ট্রেলিয়ান ক্রিকেটের সমর্থক ও ক্রিকেটের প্রতি গভীর অনুরাগী বাবা নামের সঙ্গে যুক্ত করেন ‘গিলক্রিস্ট’। অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটারের সঙ্গে নামের এই মিলই এখন তাঁকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বাড়িয়েছে।
শুধু নামেই নয়, খেলার ধরনেও অস্ট্রেলিয়ার কিংবদন্তি গিলক্রিস্টের সঙ্গে কিছুটা মিল রয়েছে পাকিস্তানের এই কিশোরের। তিনিও বাঁহাতি উইকেটকিপার-ব্যাটার এবং সীমিত ওভারের ক্রিকেটে ইনিংসের সূচনা করেন। তবে নিজের ক্রিকেটীয় আদর্শ হিসেবে তিনি বেছে নিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে। সেঞ্চুরির পর নিজের পছন্দের ক্রিকেটারের নাম জানিয়ে তিনি বলেন, ‘আমি কুমার সাঙ্গাকারার মতো হতে চাই। তিনিই আমার প্রিয়।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আয়োজনে চলমান স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশটির ১০০ জেলার ১ হাজার ৪২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২১ হাজার ক্রিকেটার। তৃণমূল পর্যায়ে ক্রিকেটের বিকাশ এবং প্রতিভাবান খেলোয়াড়দের এগিয়ে নেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।
এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণ ক্রিকেটাররা নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে সম্ভাবনাময় খেলোয়াড়দের বয়সভিত্তিক ক্রিকেটের পরবর্তী ধাপে উঠে আসার পথও তৈরি হচ্ছে। সেই মঞ্চেই সেঞ্চুরি করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন পাকিস্তানের এই ‘অ্যাডাম গিলক্রিস্ট’, যাঁকে ঘিরে এখন তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।