৬ কোটি ইউয়ানের বেশি ঘুস, উহানের সাবেক মেয়রের ১৪ বছরের কারাদণ্ড

Pinky Saha Pinky Saha ১১ অক্টোবর ২০২৬, ৪:২৬ PM BST ৭৩ বার পঠিত
৬ কোটি ইউয়ানের বেশি ঘুস, উহানের সাবেক মেয়রের ১৪ বছরের কারাদণ্ড

Photo Collected

ঘুস গ্রহণের অভিযোগে চীনের উহান শহরের সাবেক মেয়র ঝৌ শিয়ানওয়াংকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ লাখ ইউয়ান জরিমানা করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে অর্জিত অর্থ ও সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) হেনান প্রদেশের শাংচিউ ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এ রায় দেন। চায়না ডেইলির প্রতিবেদন অনুযায়ী, ২০০৩ সালের প্রথমার্ধ থেকে ২০২৫ সালের মে পর্যন্ত হুবেই প্রদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করেন ঝৌ। প্রকল্পের কাজের চুক্তি, ব্যবসা পরিচালনা এবং প্রশাসনিক অনুমোদনসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার বিনিময়ে তিনি ৬ কোটি ৫ লাখ ইউয়ানের বেশি ঘুস গ্রহণ করেন।

আদালত ঘুসের অর্থের পরিমাণকে অত্যন্ত বেশি উল্লেখ করে বলেন, এসব অপরাধের জন্য কঠোর শাস্তি প্রাপ্য। তবে অপরাধ স্বীকার, তদন্তকারীদের কাছে আগে অজানা ঘুস লেনদেনের তথ্য স্বেচ্ছায় প্রকাশ এবং অবৈধভাবে অর্জিত অর্থ ফেরত দেওয়ার বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাঁর সাজায় কিছুটা নমনীয়তা দেখানো হয়েছে।

৬৩ বছর বয়সী ঝৌ শিয়ানওয়াং দীর্ঘ কর্মজীবনে হুবেই প্রদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। উহানের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ২০২৫ সালের জুলাইয়ে তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও তদারকিসংক্রান্ত তদন্ত শুরু হয়। পরে তাঁকে চীনের কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার ও সরকারি পদ থেকে অপসারণ করা হয়। চলতি বছরের এপ্রিলে ঘুস গ্রহণের অভিযোগে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা করা হয়। ৯ জুলাই অনুষ্ঠিত প্রকাশ্য শুনানিতে নিজের অপরাধ স্বীকার করেন তিনি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: