Photo Collected
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে চাইছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের সঙ্গে আলোচনায় বসা বা কোনো সমঝোতায় যাওয়ার সিদ্ধান্ত শেষ পর্যন্ত ওয়াশিংটনই নেবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করা দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান দ্রুত ও মরিয়া হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চাইছে। তবে তেহরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না, সেই সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন বলে জানান। একই সঙ্গে আলোচনার সম্ভাবনা পুরোপুরি নাকচও করেননি মার্কিন প্রেসিডেন্ট।
হরমুজ প্রণালির প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে আন্তর্জাতিক জ্বালানি তেল পরিবহন নিরাপদ ও স্বাভাবিক রাখতে যেসব দেশ যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে না, তাদের মার্কিন প্রশাসনকে অর্থ পরিশোধ বা ক্ষতিপূরণ দিতে হবে।
এর আগে রোববার আয়ারল্যান্ড সফরের সময় আইরিশ ওপেন গলফ চ্যাম্পিয়নশিপে দেওয়া বক্তব্যেও ইরান যুদ্ধ নিয়ে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, চলতি বছরই যুদ্ধ শেষ হতে পারে। নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, ইরান যুদ্ধ শেষ হলে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে। তাঁর এসব বক্তব্যের মধ্য দিয়ে ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনা এবং যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।