Photo Collected
হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (২১ সেপ্টেম্বর) এক সরকারি বিজ্ঞপ্তিতে আইআরজিসি জানায়, তাদের মহাকাশ বাহিনীর আধুনিক ও দেশীয় প্রযুক্তিতে তৈরি সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।
বিবৃতিতে আইআরজিসি দাবি করে, হরমুজ প্রণালির আকাশে মার্কিন সামরিক বাহিনীর আরও একটি এমকিউ-১ ড্রোন আটক ও ধ্বংস করা হয়েছে।
ইরানি কর্মকর্তাদের ভাষ্য, এমকিউ-১ প্রিডেটর পুরোনো মডেলের ড্রোন। যুক্তরাষ্ট্রের বিমান ও নৌবাহিনী বহু বছর আগে এই মডেলের ব্যবহার বন্ধ করে আরও উন্নত এমকিউ-৯ রিপার চালু করেছিল।
তবে আঞ্চলিক সংঘাতে মার্কিন সামরিক বাহিনীর এমকিউ-৯ রিপার বহরের একটি বড় অংশ ধ্বংস হওয়ায় পুরোনো এমকিউ-১ প্ল্যাটফর্ম আবার সক্রিয় করা হয়েছে বলে দাবি করেছে ইরান।
হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। এর আগে একই এলাকায় এমকিউ-১ ড্রোন ধ্বংসের একাধিক দাবিও করেছে আইআরজিসি।