ছবি: সংগৃহীত
ইয়েমেনের হুতিদের অস্ত্র ও অন্যান্য সহায়তা দেওয়া বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। হুতিদের সামরিক কর্মকাণ্ডকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির ধারা হিসেবে উল্লেখ করে জোটটি বলেছে, এর প্রভাব আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর পড়তে পারে।
সোমবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক করেন যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে ইরানের প্রতি এই আহ্বান জানানো হয়।
বিবৃতিতে ইয়েমেনে এবং সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের অব্যাহত হামলার নিন্দা জানিয়ে তাদের সব ধরনের সামরিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বেসামরিক জাহাজ চলাচলের ওপর সব ধরনের হুমকি ও হামলা বন্ধ করে রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসার আহ্বান জানিয়েছে জি-৭।
জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা সতর্ক করে বলেছেন, হুতিদের প্রতি ইরানের অস্ত্র ও অন্যান্য সহায়তা অব্যাহত থাকলে উত্তেজনা আরও বাড়তে পারে। এতে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হওয়ার পাশাপাশি বৈশ্বিক স্থিতিশীলতার ওপরও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।