ইরানের শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ নয়

Pinky Saha Pinky Saha ১২ সেপ্টেম্বর ২০২৬, ২:০৬ PM BST ২ বার পঠিত
ইরানের শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ নয়

ছবি: সংগৃহীত

ইরানের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংলাপ বা আলোচনায় বসার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে তিনি এ অবস্থানের কথা জানান।

আজিজি বলেন, মার্কিন পক্ষ ইরানের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত সংলাপ ও আলোচনা করে কোনো লাভ নেই। পরবর্তী এক পোস্টে তিনি আরও স্পষ্ট করে বলেন, ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যেকোনো আলোচনা অর্থহীন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। ইয়েমেন উপকূলের কাছে লোহিত সাগরের দক্ষিণ প্রবেশমুখে অবস্থিত মায়ুন দ্বীপ দখলে নেওয়ার পর এমন দাবি করেছে তারা। পেরিম নামেও পরিচিত দ্বীপটি প্রণালির মাঝামাঝি অবস্থানে থাকায় আন্তর্জাতিক নৌ চলাচল পর্যবেক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলা চালায় হুথিরা। হামলার পর ওই পাইপলাইন দিয়ে তেল সরবরাহ বন্ধের ঘোষণা দেয় সৌদি কর্তৃপক্ষ। এতে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এমন পরিস্থিতির মধ্যেই হুথিদের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান অনুরোধ করেছিলেন বলে খবর এসেছে। তবে ট্রাম্প সেই অনুরোধ নাকচ করে দিয়েছেন বলে জানা গেছে।

ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সংলাপ নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখন ইব্রাহিম আজিজির বক্তব্য তেহরানের বর্তমান অবস্থানকে আরও কঠোরভাবে সামনে আনল। একই সময়ে হুথিদের কর্মকাণ্ড এবং বাব আল-মান্দেব ঘিরে নিয়ন্ত্রণের দাবি আঞ্চলিক উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: