ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যাওয়া সাংবাদিক ও মিডিয়া টিমের সদস্যদের ভিসা না দেওয়ায় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছে তেহরান।
সোমবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ সমালোচনা করেন।
বাঘেই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র নিজেদের দেশে অপছন্দের সাংবাদিকদের জন্য যেমন দরজা বন্ধ করছে, তেমনি বিদেশি সাংবাদিকদেরও বাধা দিচ্ছে। এর মধ্যে ইরানের প্রেসিডেন্টের যোগাযোগ ও মিডিয়া টিমও রয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, বিদেশি সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া শুধু প্রবেশাধিকার নিয়ন্ত্রণের বিষয় নয়। এর মাধ্যমে সত্য গোপন করা এবং মানুষের তথ্য পাওয়ার অধিকার সীমিত করে নিজেদের প্রচারণা এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন বাঘেই।
ইরানের এই কর্মকর্তা আরও বলেন, যে দেশ একসময় ‘লৌহপর্দা’ ভেঙে ফেলার জন্য গর্ব করত, সেই দেশই এখন নিজেদের তৈরি একটি লৌহপর্দার আড়ালে দাঁড়িয়ে আছে।