কালো বুট থেকে প্যাস্টেল স্যুট, বদলে গেল মেলোনির ‘লুক’

Pinky Saha Pinky Saha ২২ সেপ্টেম্বর ২০২৬, ২:০২ PM BST ২৭ বার পঠিত
কালো বুট থেকে প্যাস্টেল স্যুট, বদলে গেল মেলোনির ‘লুক’

ছবি: সংগৃহীত

একসময় ইতালির ডানপন্থি রাজনীতির প্রান্তিক কণ্ঠ হিসেবে পরিচিত ছিলেন জর্জিয়া মেলোনি। কালো স্যুট, ভারী কালো বুট আর কঠোর বক্তব্যে তাকে দেখা যেত একজন প্রতিবাদী নেত্রীর মতো। ২০২২ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর বদলেছে তার রাজনৈতিক অবস্থান, পাশাপাশি বদলেছে পোশাকের ধরনও।

বর্তমানে মেলোনিকে প্রায়ই প্যাস্টেল রঙের স্যুট, চওড়া ট্রাউজার ও হাই হিলে দেখা যায়। ফ্যাশন ও রাজনীতি বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের মাধ্যমে তার ভাবমূর্তিতে আরও কোমল ও গ্রহণযোগ্য উপস্থিতি ফুটে উঠেছে, যদিও কর্তৃত্বের প্রকাশও বজায় রয়েছে।

প্রধানমন্ত্রী হওয়ার সময় মেলোনি গাঢ় রঙের স্যুট ও ভারী কালো বুট পরেছিলেন। এরপর ধীরে ধীরে তার পোশাকে আসে অপেক্ষাকৃত শান্ত ও হালকা রং। ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, হালকা রঙের পোশাক জনসম্মুখে আরও সহজে গ্রহণযোগ্য ও আন্তরিক ভাব তৈরি করতে পারে।

এই পরিবর্তনের সঙ্গে তার রাজনৈতিক পথচলারও একটি সম্পর্ক রয়েছে বলে বিশ্লেষকেরা মনে করেন। ক্ষমতায় আসার আগে মেলোনিকে ইউরোপের প্রতি কঠোর অবস্থান নিতে পারেন—এমন ধারণা ছিল। তবে প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাস্তববাদী সম্পর্ক বজায় রেখেছেন এবং ইউক্রেনের প্রতি শক্ত সমর্থন জানিয়েছেন।

১৯৯৬ সালে ১৯ বছর বয়সে ডানপন্থি যুব আন্দোলনের কর্মী হিসেবে মেলোনিকে প্রায় পুরোপুরি কালো পোশাকে দেখা গিয়েছিল। সে সময় একটি সাক্ষাৎকারে ইতালির স্বৈরশাসক বেনিতো মুসোলিনির পক্ষে মন্তব্য করেছিলেন তিনি। পরবর্তী সময়ে তার রাজনৈতিক ক্যারিয়ারে ওই বক্তব্যের প্রভাব ছিল।

প্রধানমন্ত্রী হওয়ার পর মেলোনির পোশাকে কালোর আধিপত্য অনেকটাই কমে আসে। এখন তিনি সাধারণত নিরপেক্ষ ও প্যাস্টেল রঙের পোশাক বেছে নেন এবং চওড়া ট্রাউজারের নিচে প্রায়ই তার হাই হিল ঢাকা থাকে।

২০২৪ সালের ইতালির পুগলিয়ায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে প্যাস্টেল গোলাপি স্যুট ও পালাজ্জো প্যান্টে তাকে দেখা যায়। চলতি বছরের ফ্রান্সের এভিয়ান-লে-বাঁয়ে জি-৭ সম্মেলনে বেইজ স্যুটের সঙ্গে টাই পরেও আলোচনায় আসেন তিনি। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎস তার টাইয়ের বিষয়টি উল্লেখ করলে মেলোনি মজা করে নিজেকে ‘যোদ্ধা’ হিসেবে ভাবতে বলেন।

তবে মেলোনির পোশাকের এই পরিবর্তনকে শুধু ফ্যাশনের বিষয় হিসেবে দেখছেন না বিশ্লেষকেরা। তাদের মতে, একজন রাজনৈতিক নেতার পোশাক তার জনসম্মুখের ভাবমূর্তি তৈরিতে ভূমিকা রাখতে পারে। মেলোনির ক্ষেত্রে কালো স্যুট ও ভারী বুট থেকে প্যাস্টেল স্যুট ও চওড়া ট্রাউজারে পরিবর্তন তার রাজনৈতিক পথচলার দৃশ্যমান প্রতিচ্ছবিও হয়ে উঠেছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: