মোদি-পুতিনের বৈঠক, একই গাড়িতে শিল্প প্রদর্শনী পরিদর্শন

Pinky Saha Pinky Saha ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ AM BST ২৬ বার পঠিত
মোদি-পুতিনের বৈঠক, একই গাড়িতে শিল্প প্রদর্শনী পরিদর্শন

ছবি: সংগৃহীত

নয়া দিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠক শেষে দুই নেতা একই লিমুজিনে করে ইনোপ্রম আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী পরিদর্শন করেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এটি ছিল দুই নেতার চতুর্থ যৌথ গাড়িযাত্রা।

বৈঠকে মোদি রাশিয়ার প্রেসিডেন্টকে প্রাচীন তামিল কবি থিরুভাল্লুভারের ধ্রুপদী গ্রন্থ ‘থিরুক্কুরাল’-এর রুশ অনুবাদ উপহার দেন। এই অনুবাদ ভারত ও রাশিয়ার জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সাংস্কৃতিক যোগাযোগ আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে দুই দেশের বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা ও মহাকাশ খাতসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউক্রেন ও পশ্চিম এশিয়ার সংঘাত নিয়েও কথা বলেন দুই নেতা।

এ সময় নরেন্দ্র মোদি আবারও বলেন, যেকোনো সমস্যা সমাধানের একমাত্র পথ হলো সংলাপ ও কূটনীতি। তাঁর এ বক্তব্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংঘাত নিরসনে ভারতের অবস্থানও পুনর্ব্যক্ত করা হয়।

রাশিয়া ভারতের অন্যতম প্রধান কৌশলগত ও সামরিক অংশীদার। ২০২৫ সালের ডিসেম্বরে পুতিনের সর্বশেষ ভারত সফরের পর অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: