সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ বার্তা দেন।
বৈঠকে নৌপথে চলাচলের স্বাধীনতা, বাণিজ্য সুরক্ষা এবং নাবিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন মোদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সব ধরনের সমস্যা সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করা উচিত—বৈঠকে ভারতের এই ধারাবাহিক অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
একই সঙ্গে অঞ্চলটিতে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে অব্যাহত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন মোদি। ভারত বর্তমানে ইরান, ইসরায়েল ও আরব দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে আঞ্চলিক পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের সংঘাতের প্রভাব আঞ্চলিক বাণিজ্য ও নৌপথেও পড়েছে। নৌপথে বিভিন্ন হামলার ঘটনায় ভারতও ক্ষতির মুখে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় অন্তত ১০ ভারতীয় নাগরিক নিহত হওয়ার কথাও উঠে এসেছে।
দুই সপ্তাহের মধ্যে মোদি ও পেজেশকিয়ানের এটি দ্বিতীয় বৈঠক। এর আগে গত ৩১ আগস্ট কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকে তাঁদের বৈঠক হয়েছিল। সেখানেও পেজেশকিয়ান জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় তেহরান।
এদিকে শুক্রবার ব্রিকস বিজনেস ফোরামে বক্তব্য দেন মোদি। তিনি বলেন, সমুদ্রপথ নিরাপদ রাখা, সরবরাহের রুট উন্মুক্ত রাখা এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে বৈশ্বিক বাণিজ্যের অগ্রগতি অব্যাহত থাকবে।
একই অনুষ্ঠানে পেজেশকিয়ান ব্রিকস জোটের প্রতি এমন একটি আন্তর্জাতিক পরিবেশ তৈরির আহ্বান জানান, যেখানে কোনো দেশ অন্য দেশের বৈধ বাণিজ্যে বাধা সৃষ্টি করতে না পারে। তাঁর অভিযোগ, অর্থনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে অর্থনৈতিক উপকরণের ব্যবহার ক্রমেই বাড়ছে, যা বিভিন্ন দেশের বৈধ বাণিজ্যকে ঝুঁকির মুখে ফেলছে।
ব্রিকসের মঞ্চে দুই নেতার বক্তব্যেই নিরাপদ নৌপথ, অবাধ বাণিজ্য ও কূটনৈতিক সমাধানের বিষয়টি গুরুত্ব পেয়েছে। চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ভারত ও ইরানের এই অবস্থান আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে তাদের উদ্বেগের বিষয়টিও সামনে এনেছে।