অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ

Pinky Saha Pinky Saha ৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৮ PM BST ১৩ বার পঠিত
অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ

বিদ্যালয়ে ১৪ বছরের কম বয়সী মেয়ে শিক্ষার্থীদের জন্য হিজাব নিষিদ্ধ করেছে মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়া।

মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়ায় বিদ্যালয়ে ১৪ বছরের কম বয়সী মেয়ে শিক্ষার্থীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে রাজধানী ভিয়েনাসহ দেশটির সব এলাকায় নতুন এই আইন কার্যকর করা হয়েছে।

গত বছরের ডিসেম্বরে অস্ট্রিয়ার পার্লামেন্টে ১৪ বছরের কম বয়সী মেয়েদের স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করার বিল পাস হয়। সরকারের পক্ষ থেকে তখন যুক্তি দেওয়া হয়, অল্প বয়সী মেয়েদের হিজাব পরানো তাদের স্বাধীনতার পরিপন্থি। পার্লামেন্টে ভোটের সময় ক্ষমতাসীন জোট সরকারের তিন শরিক দলের প্রায় সব সদস্য বিলটির পক্ষে ভোট দেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

আইনটি পাস হওয়ার পর এর বিরোধিতা করে অস্ট্রিয়ার মুসলিমদের সংগঠন দ্য ইসলামিক রিলিজিয়াস কমিউনিটি ইন অস্ট্রিয়া (আইজিজিও)। সংগঠনটির দাবি ছিল, নতুন আইন দেশটির সংবিধানে স্বীকৃত মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক।

আইজিজিও আইনটি চ্যালেঞ্জ করে অস্ট্রিয়ার সাংবিধানিক আদালতে একটি পিটিশনও দায়ের করে। তবে গত জুলাইয়ে আদালত সেই পিটিশন খারিজ করে দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, নাগরিকদের মধ্যে বৈষম্য উসকে দেয়—এমন কোনো ব্যবস্থা অস্ট্রিয়ার সংবিধান সমর্থন করে না।

নিষেধাজ্ঞা কার্যকরের দিন অস্ট্রিয়ার জাতীয় টেলিভিশন চ্যানেল ওআরএফকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির শিক্ষামন্ত্রী বলেন, পার্লামেন্টে বিলটি উত্থাপনের আগে সরকার বিষয়টি নিবিড়ভাবে পর্যালোচনা করেছে। আইনটি যাতে কোনোভাবেই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।

নতুন আইন কার্যকর হওয়ার পর দেশটির বামপন্থি রাজনৈতিক দলগুলো এর বিরোধিতা করেছে। তারা সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে।

অস্ট্রিয়ার এই সিদ্ধান্ত দেশটিতে ধর্মীয় স্বাধীনতা, শিশুদের অধিকার এবং রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থায় ধর্মীয় পোশাকের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে। তবে আদালতের রায়ের পর ১৪ বছরের কম বয়সী মেয়েদের জন্য স্কুলে হিজাব নিষিদ্ধ করার আইনটি বর্তমানে কার্যকর রয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: