সংগৃহীত ছবি
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান (ডিআই খান) জেলায় নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। ১৩ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত কার্যকর এ নিষেধাজ্ঞার আওতায় জনসমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং মোটরসাইকেলে দুজনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি প্রকাশ্যে অস্ত্র বহন ও প্রদর্শন এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করতে পারে—এমন অস্থায়ী স্থাপনা নির্মাণেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের ভাষ্য অনুযায়ী, মানুষের জীবন রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে পাকিস্তান দণ্ডবিধির ১৮৮ ধারায় ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক সময়ে জেলাটিতে একাধিক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। গত ২৬ সেপ্টেম্বর একটি যৌথ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩৫ জন আহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়ার সময় একটি অ্যাম্বুলেন্সে গুলির ঘটনায় উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর দুই কর্মী নিহত হন। এসব ঘটনার মধ্যে ৭ অক্টোবর পৃথক গুলির ঘটনায় এফবিআরের দুই কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন।
ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের মধ্যে ১১ অক্টোবর খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডিআই খানসহ ১২টি জেলায় জরুরি অবস্থা জারি করা হয়। একই সময়ে প্রদেশটিতে গভর্নরের শাসন জারির খবরও সামনে আসে। ধারাবাহিক এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ডিআই খানে জনসমাবেশ ও চলাচলের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রশাসন।