ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে প্রেম, এরপর বিয়ে। কিন্তু বিয়ের পরই স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন থাইল্যান্ডের এক নারী। ভারতের উত্তরপ্রদেশের কানপুরের চামড়া ব্যবসায়ী ইরফানের বিরুদ্ধে প্রায় ৬০ লাখ রুপি নেওয়া, শারীরিক নির্যাতন এবং ধর্ম পরিবর্তনে চাপ দেওয়ার অভিযোগ করেছেন আপসর্ন নামের ওই নারী।
আপসর্নের দাবি, ইরফান নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং প্রায় দুই বছর আগে থাইল্যান্ডে তাঁকে বিয়ে করেন। পরে ব্যবসা ও আর্থিক প্রয়োজনের কথা বলে ধাপে ধাপে তাঁর কাছ থেকে অর্থ নেন। রেস্তোরাঁর আয় ও আত্মীয়দের কাছ থেকে ধার করা টাকা মিলিয়ে স্বামীকে প্রায় ৬০ লাখ রুপি দিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি।
অভিযোগ অনুযায়ী, টাকা নেওয়ার পর ইরফান যোগাযোগ বন্ধ করে ভারতে ফিরে আসেন। কয়েক মাস খোঁজ না পেয়ে কানপুরে স্বামীর বাড়িতে গিয়ে আপসর্ন জানতে পারেন, ইরফান আগে থেকেই বিবাহিত এবং তাঁর তিন সন্তান রয়েছে। টাকা ফেরত চাইতে গেলে তাঁকে শারীরিক নির্যাতন করা হয় এবং ইসলাম ধর্ম গ্রহণ ও বোরকা পরার শর্ত দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ওই নারী।
পরে পুলিশের কাছে অভিযোগ করেন আপসর্ন। পুলিশ জানিয়েছে, তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে এবং ইরফানকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে বিয়ের নথিপত্র, অর্থ লেনদেনের তথ্য এবং ধর্ম পরিবর্তনে চাপ দেওয়ার অভিযোগ তদন্ত করে দেখছে পুলিশ।