ট্রাম্প-জেলেনস্কি বৈঠক আজ, ফের সরাসরি শান্তি আলোচনার উদ্যোগ?

Pinky Saha Pinky Saha ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ PM BST ২৯ বার পঠিত
ট্রাম্প-জেলেনস্কি বৈঠক আজ, ফের সরাসরি শান্তি আলোচনার উদ্যোগ?

ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নতুন করে আলোচনায় আসার মধ্যে আজ মঙ্গলবার নিউইয়র্কে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিকেলে এ বৈঠক হওয়ার কথা। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।

সাড়ে চার বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে শান্তি আলোচনার উদ্যোগ নিয়ে আসছে। তবে আলোচনায় এখনো বড় কোনো অগ্রগতি হয়নি। সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে দূরপাল্লার হামলাও জোরদার করেছে।

বৈঠকের আগে সোমবার ট্রাম্প বলেন, রাশিয়া তাদের জ্বালানি তেলশিল্পের ‘নিয়ন্ত্রণ হারিয়েছে’। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি রাশিয়ার জ্বালানি অবকাঠামোর ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে যুদ্ধ বন্ধের আহ্বান জানান।

এর জবাবে জেলেনস্কি বলেন, শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে কিছু প্রস্তাব আলোচনার টেবিলে রয়েছে। উত্তেজনা কমানোর জন্য শক্ত পদক্ষেপের মাধ্যমে সেই প্রক্রিয়া শুরু হতে পারে বলেও জানান তিনি।

জেলেনস্কির প্রস্তাবের মধ্যে রয়েছে ইউক্রেনের জ্বালানি খাত, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও খাদ্য রপ্তানি ব্যবস্থায় রাশিয়ার হামলা বন্ধ করা। তাঁর ভাষ্য অনুযায়ী, এমন পদক্ষেপ নেওয়া হলে ইউক্রেনও হামলা বন্ধ করতে পারে।

গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি অবকাঠামোতে হামলা না করার বিষয়ে রাজি হয়েছে। তবে এরপরও দুই পক্ষের হামলা অব্যাহত রয়েছে। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেন-রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে একটি সম্ভাব্য সমঝোতার বিষয়ে আলোচনা করেছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে দুই নেতাই নিউইয়র্কে রয়েছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন করে কূটনৈতিক তৎপরতা বাড়ার মধ্যে ট্রাম্প-জেলেনস্কির এবারের বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: