Photo Collected
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) শহরের মেয়র জোহরান মামদানির সঙ্গে গ্রেসি ম্যানশনে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় এক ঘণ্টার বৈঠকের পর দুজন যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।
বৈঠকের পর মামদানিকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, তিনি আশা করেন মামদানি একজন ‘দারুণ মেয়র’ হবেন। ট্রাম্প আরও বলেন, নিউইয়র্কের জন্য যা ভালো, তিনি সেটিই চান।
বৈঠকে সাশ্রয়ী আবাসন ও অভিবাসনসহ নিউইয়র্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে কুইন্সের সানিসাইড ইয়ার্ড এলাকায় নতুন আবাসন নির্মাণের সম্ভাবনা নিয়ে কথা বলেন দুই নেতা। সেখানে প্রায় ১২ হাজার আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনার বিষয়টি আলোচনায় আসে।
মামদানি জানান, নিউইয়র্কের বাসিন্দাদের জন্য কাজ করতে পারেন—এমন যে কারও সঙ্গে তিনি কাজ করতে প্রস্তুত। অভিবাসী নিউইয়র্কবাসীদের নিরাপত্তা এবং শহরের অর্থনীতিতে তাদের ভূমিকা নিয়েও ট্রাম্পের সঙ্গে নিজের মতামত তুলে ধরেছেন বলে জানান তিনি।
বৈঠকে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার নিয়েও কথা হয়। হোয়াইট হাউসে কয়েকটি সংবাদমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্তের প্রসঙ্গে মামদানি বলেন, তিনি সংবাদমাধ্যমের সব সদস্যকে উপস্থিত রাখার পক্ষে।
তবে দুই নেতার মধ্যে বিভিন্ন নীতিগত মতপার্থক্য রয়েছে। মামদানি নিজেই জানিয়েছেন, এসব মতপার্থক্য নিয়ে তারা খোলামেলা আলোচনা করেছেন। বৈঠকের পর তিনি বলেন, নিউইয়র্কবাসীর জন্য ফলপ্রসূ হতে পারে—এমন বিষয়গুলোতে প্রেসিডেন্টের সঙ্গে কাজ চালিয়ে যেতে চান।
গ্রেসি ম্যানশনে ট্রাম্পের এই সফরও ছিল উল্লেখযোগ্য। ১৯৮১ সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সফরের পর এবারই প্রথম কোনো দায়িত্বপ্রাপ্ত মার্কিন প্রেসিডেন্ট এই ভবনে গেলেন।