ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল, দিল্লিতে কড়া নিরাপত্তা

Pinky Saha Pinky Saha ১২ অক্টোবর ২০২৬, ১১:১৩ AM BST ৮১ বার পঠিত
ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল, দিল্লিতে কড়া নিরাপত্তা

ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সুপ্রিম কোর্ট অভিমুখে মিছিলের কর্মসূচি নিয়েছে দেশটির বিরোধী জোট। এ কর্মসূচিকে কেন্দ্র করে আজ সোমবার রাজধানী নয়াদিল্লিতে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে লুটিয়েন্স দিল্লি এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এ বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধীরা। এর আগে টানা দুই দিন রাজধানীতে কঠোর নিরাপত্তাব্যবস্থা বজায় রাখা হয় এবং এ সময় অনেককে আটক করা হয়। বিক্ষোভকারীরা যাতে নির্ধারিত স্থানে জড়ো হতে না পারেন, সে জন্য গুরুত্বপূর্ণ মোড়গুলোয় পুলিশ মোতায়েনের পাশাপাশি যন্তর মন্তরের দিকে যাওয়ার সড়কগুলোয় ব্যারিকেড বসানো হয়েছে।

গতকাল রোববার গভীর রাতে দিল্লি ট্রাফিক পুলিশ যান চলাচল নিয়ে একটি নির্দেশিকা জারি করে। এতে জানানো হয়, আজ সকাল ছয়টা থেকে পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন সড়কে যানবাহন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হতে পারে। মোট ৩০টি চিহ্নিত এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াত এড়িয়ে চলা এবং আগে থেকেই ভ্রমণের পরিকল্পনা করে রাখার পরামর্শ দিয়েছে পুলিশ। বিশেষ করে রেলস্টেশন, আন্তরাজ্য বাস টার্মিনাল ও বিমানবন্দরে যাতায়াতকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা আজ ইন্ডিয়া গেটে জড়ো হয়ে সুপ্রিম কোর্টের দিকে মিছিল করার পরিকল্পনা করেছেন। বিকেল চারটার পর ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাতেরও পরিকল্পনা ছিল তাঁদের। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মিছিলে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। কংগ্রেস নেতা কে সি বেণুগোপালও নাগরিকদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিরোধী নেতাদের একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিতে চেয়েছিল। তবে তাঁদের সঙ্গে সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। ফলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদ কর্মসূচি এবং রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: