Photo Collected
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। শনিবারের ঝড়ে হাজারো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ঝড়ের কারণে নিউইয়র্কের ব্রুকলিনে গাছ পড়ে ৫৬ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে।
নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়াসহ উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ঝড়ের প্রভাবে পড়েছে। কর্তৃপক্ষ উপকূলীয় বন্যা, জলোচ্ছ্বাস, সড়ক বন্ধ হয়ে যাওয়া এবং বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে সতর্ক করেছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় একাধিক জোয়ারের সময় বন্যার আশঙ্কা রয়েছে।
শনিবার বিকেলে ঝড়টি উত্তর-মধ্য আটলান্টিক ও দক্ষিণ নিউ ইংল্যান্ড উপকূলের কাছে অবস্থান করছিল। নিউইয়র্ক ও লং আইল্যান্ডে ঝোড়ো বাতাসের পাশাপাশি উপকূলীয় এলাকায় বন্যার সতর্কতা জারি করা হয়। এনডব্লিউএসের পূর্বাভাসে নিউইয়র্ক সিটি ও লং আইল্যান্ডের বিভিন্ন এলাকায় ঘণ্টায় ২৫ থেকে ৩৫ মাইল বেগে বাতাস এবং ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ মাইল পর্যন্ত ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছিল।
উপকূলে বড় বন্যার আশঙ্কা
পূর্ণিমার কারণে স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারের সঙ্গে ঝড়ের প্রভাব যুক্ত হওয়ায় উপকূলীয় এলাকায় পানির উচ্চতা বাড়তে পারে বলে সতর্ক করেছে এনডব্লিউএস। নিউইয়র্কের বিভিন্ন উপকূলীয় এলাকায় রোববার সন্ধ্যা পর্যন্ত উপকূলীয় বন্যার সতর্কতা বহাল ছিল। কিছু এলাকায় ভূমির ওপর দুই থেকে আড়াই ফুট পর্যন্ত পানি ওঠার আশঙ্কার কথাও জানানো হয়েছে।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল পরিস্থিতিকে বিপজ্জনক উল্লেখ করে বাসিন্দাদের উপকূল ও পানির কাছাকাছি না যাওয়ার আহ্বান জানিয়েছেন। লং আইল্যান্ড ও নিউইয়র্ক সিটির উপকূলীয় এলাকায় ঝড়ের প্রভাব বিশেষভাবে অনুভূত হয়েছে।
৬০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন
ঝোড়ো বাতাসে গাছ ও বিদ্যুতের তার উপড়ে পড়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত নিউইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড ও পেনসিলভানিয়ায় ৬০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। পরবর্তী সময়ে বিদ্যুৎ বিভ্রাটের সংখ্যা আরও বেড়েছে বলে বিভিন্ন স্থানীয় প্রতিবেদনে উঠে এসেছে।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। ঝোড়ো বাতাসে বিদ্যুতের তার ছিঁড়ে পড়াসহ বিভিন্ন ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন তিনি।
বাতিল শত শত ফ্লাইট
ঝড় ও ভারী বৃষ্টির কারণে বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে। শনিবার সকালে শত শত ফ্লাইট বাতিল করা হয়। বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরেই ২৫৩টি ফ্লাইট বাতিল হওয়ার খবর পাওয়া যায়। পুরো উত্তর-পূর্বাঞ্চলে বেশ কিছু ফ্লাইট বিলম্বিতও হয়েছে।
জেটব্লু, ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইনসসহ কয়েকটি বড় বিমান সংস্থা যাত্রীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের অতিরিক্ত ফি ছাড়াই ফ্লাইট পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে।
এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা অবস্থান করছেন। ঝড়ো আবহাওয়ার কারণে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে থাকা সংবাদমাধ্যমের সম্প্রচার সরঞ্জাম সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।