Photo Collected
আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে চালানো এসব হামলায় অন্তত তিনজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে আফগান কর্তৃপক্ষ জানিয়েছে।
তালেবান কর্মকর্তাদের দাবি, কুনার প্রদেশের নূরগাল জেলার পাতান গ্রামে রাত আড়াইটার পর পাকিস্তানি যুদ্ধবিমান হামলা চালায়। এতে একটি বসতবাড়িতে থাকা একই পরিবারের তিনজন নিহত এবং চারজন আহত হন।
এরপর ভোর ৪টার দিকে পাকতিকা প্রদেশের বারমাল জেলার টোর কান্দি ও রাখা এলাকায় হামলা চালানো হয়। এতে একটি দোকান ও একটি পরিত্যক্ত বাড়ি ধ্বংস হয়েছে বলে তালেবান কর্মকর্তারা জানিয়েছেন। সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পাকিস্তানের সামরিক বাহিনী হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হামলার লক্ষ্য ছিল সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানা। পাকিস্তান দাবি করে আসছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বালুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা বেড়েছে। হামলার দুদিন আগে উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি পুলিশ স্থাপনায় হামলায় অন্তত ১৬ জন নিহত হন।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর থেকেই সীমান্তপারের হামলা নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপড়েন চলছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষও হয়েছিল। নতুন করে বিমান হামলার ঘটনায় সেই উত্তেজনা আবারও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।