ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে দ্রুত পরিবর্তন ও নানা চ্যালেঞ্জের মধ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্রিকস সদস্য ও অংশীদার দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। রোববার (১৩ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনের উন্মুক্ত অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
আল-সিসি বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য প্রবৃদ্ধির উৎসে বৈচিত্র্য আনা, সরবরাহব্যবস্থা আরও শক্তিশালী করা, দক্ষ মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো জরুরি। একই সঙ্গে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও ওশেনিয়ার উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।
উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি হস্তান্তর এবং স্থানীয় পর্যায়ে প্রযুক্তির ব্যবহার বাড়াতে সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মিসরের প্রেসিডেন্ট। তাঁর মতে, এ ধরনের সহযোগিতা বাড়ানো গেলে উন্নয়নশীল দেশগুলো প্রযুক্তিগত পরিবর্তনের সুফল আরও বেশি কাজে লাগাতে পারবে।
টেকসই উন্নয়নের ক্ষেত্রেও ব্রিকস দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানান আল-সিসি। পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো, সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থায়ন ও প্রযুক্তির সুযোগ সহজ করার ওপর জোর দেন তিনি।
মিসরের অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে আল-সিসি জানান, দেশটি বন্দর, পরিবহন করিডর ও লজিস্টিকস নেটওয়ার্কে বিনিয়োগ করছে। এসব অবকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সুয়েজ খাল, যা আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে ভূমিকা পালন করছে।
খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগের স্বাভাবিক প্রবাহ এবং সরবরাহব্যবস্থায় সম্ভাব্য বিঘ্ন মোকাবিলার সক্ষমতার সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতার সরাসরি সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া ব্রিকস সদস্য ও অংশীদার দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান আল-সিসি। যৌথ প্রকল্পে উৎসাহ দেওয়ার মাধ্যমে অর্থনৈতিক একীকরণ আরও জোরদার এবং বৈশ্বিক অর্থনীতির বাইরের ধাক্কায় ক্ষতির প্রভাব কমানোর ওপরও গুরুত্ব দেন মিসরের প্রেসিডেন্ট।