Photo Collected
আসন্ন দুর্গাপূজায় এবার বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রফতানি হচ্ছে না। বরং উল্টো চিত্র দেখা যাচ্ছে—দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এ বছর ভারত থেকেই প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ আমদানি করেছে বাংলাদেশ।
সাধারণত দুর্গাপূজার আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়ে থাকে। ২০১৯ সাল থেকে পূজার সময় কয়েকদিনের জন্য ইলিশ রফতানির ক্ষেত্রে এই বিশেষ ছাড় দেওয়া হচ্ছিল। তবে এবার সেই নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় এবং আগের সব অনুমতি বাতিল হওয়ায় ব্যবসায়ীদের সামনে আর রফতানির সুযোগ নেই।
এর সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশের জেলেদের ইলিশ ধরায় নিষেধাজ্ঞার সময়। ফলে এবার ভারতে ইলিশ পাঠানোর সুযোগ কার্যত আর থাকছে না।
এবার বাংলাদেশের ইলিশ উৎপাদন কিছুটা কম হওয়ায় দেশের বাজারে চাহিদা মেটাতে ভারত থেকে মাছ আমদানি করা হয়েছে। বিশেষ করে ভারতের গুজরাট থেকে আনা ইলিশে প্রচুর ডিম থাকায় চট্টগ্রাম ও সিলেটের ক্রেতাদের মধ্যে এসব মাছের চাহিদা রয়েছে।
উল্লেখ্য, ২০১২ সাল থেকেই বাংলাদেশ সাধারণভাবে ভারতে ইলিশ রফতানি বন্ধ রেখেছিল। পরে ২০১৯ সাল থেকে দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিবছর কিছুদিনের জন্য সেই নিষেধাজ্ঞা শিথিল করা হয়। রাজনৈতিক পটপরিবর্তনের পরও কয়েক বছর সেই ধারা অব্যাহত ছিল।
তবে এবার সেই ব্যতিক্রমও থাকছে না। ফলে আসন্ন দুর্গাপূজায় ভারতের বাজারে বাংলাদেশি পদ্মার ইলিশের সরবরাহ না থাকার সম্ভাবনাই বেশি।