ফিলিস্তিনিদের জন্য ম্যাকলমোরের ১০ লাখ ডলার অনুদান

Pinky Saha Pinky Saha ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ AM BST ২৭ বার পঠিত
ফিলিস্তিনিদের জন্য ম্যাকলমোরের ১০ লাখ ডলার অনুদান

Photo Collected

ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে কথা বলায় এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে বাদ পড়া মার্কিন র‍্যাপার ম্যাকলমোর তাঁর ট্যুর থেকে পাওয়া ১০ লাখ ডলার ফিলিস্তিনিদের মানবিক সহায়তায় দান করার ঘোষণা দিয়েছেন।

গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে ম্যাকলমোর জানান, তাঁর পাওয়া পুরো অর্থ ছয়টি সংগঠনের মাধ্যমে ফিলিস্তিনিদের সহায়তায় ব্যয় করা হবে। সংগঠনগুলো হলো—প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড, হিল প্যালেস্টাইন, গাজা স্যুপ কিচেন, মেডিক্যাল এইড ফর প্যালেস্টিনিয়ানস, ইউএনআরডব্লিউএ ইউএসএ ন্যাশনাল কমিটি এবং আনেরা।

পোস্টে ম্যাকলমোর বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর তিনি আলোচনাকে আবার ফিলিস্তিনের মানুষের দিকে ফিরিয়ে নিতে চান। তাঁর বক্তব্য, মতপার্থক্য থাকলেও মানুষের জীবন রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে সবাই একমত হতে পারেন।

ম্যাকলমোর আরও বলেন, তিনি আলোচনার কেন্দ্রে নিজেকে রাখতে চান না। তাঁর মনোযোগ থাকবে যুদ্ধ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত পরিবার, চিকিৎসক, প্যারামেডিক, সাংবাদিক ও ত্রাণকর্মীদের দিকে।

ট্যুর থেকে সরে দাঁড়ালেন কয়েক শিল্পী

ম্যাকলমোরকে ‘লুপ ট্যুর’ থেকে বাদ দেওয়ার ঘটনায় সংগীতাঙ্গনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁর প্রতি সমর্থন জানিয়ে মার্কিন শিল্পী ফিনিয়াস, ড্যানিশ শিল্পী লুকাস গ্রাহাম, ব্রিটিশ-আইরিশ সংগীতশিল্পী অ্যারন রো এবং আইরিশ ব্যান্ড বিওগাও ট্যুর থেকে সরে দাঁড়িয়েছেন।

নিজের অর্থ দানের পাশাপাশি ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়াম ও নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মালিক রবার্ট ক্রাফটকেও একই পরিমাণ অর্থ দেওয়ার আহ্বান জানান ম্যাকলমোর।

এর কয়েক ঘণ্টার মধ্যে ক্রাফটের পক্ষ থেকে মানবিক সহায়তার ঘোষণা আসে। ক্রাফট জানান, এড শিরান তাঁকে ফোন করে মানবিক সহায়তার জন্য ২০ লাখ ডলার দেওয়ার অনুরোধ করেছিলেন। এরপর শিরান ও ক্রাফট মিলে মোট ৪০ লাখ ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

তবে এই অর্থ কোন কোন সংগঠনের মাধ্যমে দেওয়া হবে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি। ক্রাফট বলেন, সব মানুষের জীবন রক্ষা করা উচিত—এমন বিশ্বাস তিনি ধারণ করেন। ফিলিস্তিনিদের জন্য কাজ করা সংগঠনগুলোর প্রতি তাঁর দীর্ঘদিনের সমর্থনের কথাও জানান তিনি।

শিরানের সমালোচনা রজার ওয়াটার্সের

ম্যাকলমোরকে ঘিরে বিতর্কে পিঙ্ক ফ্লয়েডের সহপ্রতিষ্ঠাতা রজার ওয়াটার্সও প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ‘এড হু’ শিরোনামের একটি ভিডিওতে তিনি ম্যাকলমোরের অবস্থানের প্রতি সমর্থন জানান এবং এড শিরানের সমালোচনা করেন।

ফিলিস্তিন ইস্যুতে তারকাদের প্রকাশ্য অবস্থান নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। গাজা যুদ্ধ শুরুর পর বিভিন্ন দেশের শিল্পী ও অভিনয়শিল্পীরা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছেন। কেউ যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবি জানিয়েছেন, আবার কেউ ইসরায়েলের নিরাপত্তার বিষয়টিও সামনে এনেছেন।

২০২৩ সালে ফিলিস্তিনপন্থী বক্তব্যের পর মেক্সিকান অভিনেত্রী মেলিসা বারেরাকে ‘স্ক্রিম ৭’ থেকে বাদ দেয় প্রযোজনা প্রতিষ্ঠান স্পাইগ্লাস। একই সময়ে অভিনেত্রী সুসান সারান্ডনও ফিলিস্তিনপন্থী বক্তব্যের কারণে পেশাগত বিতর্কে পড়েন।

এ ছাড়া দুয়া লিপা, বেলা হাদিদ, মার্ক রাফালো, র‍্যামি ইউসুফ ও হাভিয়ের বারদেম বিভিন্ন সময়ে ফিলিস্তিনিদের পক্ষে বা গাজায় যুদ্ধবিরতির সমর্থনে বক্তব্য দিয়েছেন।

ম্যাকলমোরের সর্বশেষ অনুদানের ঘোষণা তাই ফিলিস্তিন ইস্যুতে বিনোদন অঙ্গনের শিল্পীদের অবস্থান এবং এ নিয়ে তৈরি হওয়া পেশাগত ও সামাজিক বিতর্ককে আবারও আলোচনায় এনেছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: