গণিত-বিজ্ঞান-রিডিংয়ে এশিয়ার আধিপত্য, শীর্ষে সিঙ্গাপুর

Pinky Saha Pinky Saha ১০ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫২ PM BST ১৫ বার পঠিত
গণিত-বিজ্ঞান-রিডিংয়ে এশিয়ার আধিপত্য, শীর্ষে সিঙ্গাপুর

ছবি: সংগৃহীত

গণিত, বিজ্ঞান ও পড়ার দক্ষতায় এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীরা আন্তর্জাতিকভাবে এগিয়ে রয়েছে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) সর্বশেষ পিআইএসএ মূল্যায়নে শীর্ষস্থান দখল করেছে সিঙ্গাপুর। এরপর রয়েছে চীন, জাপান ও তাইওয়ান।

৮ সেপ্টেম্বর ২০২৬ প্রকাশিত পিআইএসএর সর্বশেষ তথ্য অনুযায়ী, সামগ্রিক স্কোরের ভিত্তিতে শীর্ষ ১০ শিক্ষাব্যবস্থার মধ্যে এশিয়ার একাধিক দেশ ও অর্থনীতি রয়েছে। সিঙ্গাপুরের স্কোর ১ হাজার ৬৭৯। চীনের ১ হাজার ৬০৫ এবং জাপান ও তাইওয়ানের স্কোর ১ হাজার ৫৯৯ করে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

শীর্ষ ১০-এর অন্য দেশগুলো হলো দক্ষিণ কোরিয়া, হংকং, এস্তোনিয়া, কানাডা, আয়ারল্যান্ড ও সুইজারল্যান্ড। তাদের স্কোর যথাক্রমে ১ হাজার ৫৭০, ১ হাজার ৫৬০, ১ হাজার ৫৪৭, ১ হাজার ৫১৯, ১ হাজার ৫১২ এবং ১ হাজার ৪৯৪।

পিআইএসএ হলো ওইসিডি পরিচালিত আন্তর্জাতিক শিক্ষা মূল্যায়ন কর্মসূচি। এতে সাধারণত ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের গণিত, বিজ্ঞান ও পড়ার দক্ষতা যাচাই করা হয়। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বাস্তব জীবনের পরিস্থিতিতে অর্জিত জ্ঞান প্রয়োগ ও সমস্যা সমাধানের সক্ষমতাকেও এই মূল্যায়নে গুরুত্ব দেওয়া হয়। প্রতি তিন বছর পর ৮০টির বেশি দেশ ও অর্থনীতির শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

সর্বশেষ মূল্যায়নে সামগ্রিকভাবে শিক্ষার্থীদের ফলাফল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘমেয়াদি প্রবণতায় গণিত, পড়ার দক্ষতা ও বিজ্ঞানে শিক্ষার্থীদের পারফরম্যান্স কমে যাওয়ার চিত্র উঠে এসেছে। বিশ্লেষকদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শিক্ষার্থীদের দক্ষতার এই অবনতি আরও বাড়তে পারে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের ফলাফলও উদ্বেগের কারণ হয়ে উঠেছে। সর্বশেষ মূল্যায়নে দেশটির ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের পড়ার দক্ষতার স্কোর প্রায় ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ২০২২ সালের তুলনায় তাদের স্কোর ১৪ পয়েন্ট কমেছে। যুক্তরাষ্ট্রের মোট স্কোর ১ হাজার ৪৬৮, যা শীর্ষ ১০-এর শেষ দেশ সুইজারল্যান্ডের চেয়ে ২৬ পয়েন্ট কম।

পিআইএসএর ফলাফল অনুযায়ী, শীর্ষস্থানীয় শিক্ষাব্যবস্থাগুলো গণিত, বিজ্ঞান ও পড়ার দক্ষতায় তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে। এসব ফলাফল শিক্ষাব্যবস্থার কার্যকারিতা এবং শিক্ষার্থীরা বাস্তব জীবনে তাদের জ্ঞান কতটা প্রয়োগ করতে পারছে, তার একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: