হিমলুং হিমালে তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি

Pinky Saha Pinky Saha ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৯ PM BST ৩২ বার পঠিত
হিমলুং হিমালে তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি

Photo Collected

নেপালের হিমালয়ে ফের ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটেছে। মানাং জেলার নার ফু অঞ্চলে ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার হিমলুং হিমাল পর্বতের শিবিরে তুষারধসে অন্তত ১৪ জন নেপালি নিখোঁজ হয়েছেন।

নিখোঁজদের মধ্যে শেরপা, পর্বতারোহী দলের সহায়ক কর্মী এবং রান্নার কাজে যুক্ত ব্যক্তিরা রয়েছেন। বৈরী আবহাওয়ার কারণে এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি উদ্ধারকারী হেলিকপ্টার। স্থলপথেও দ্রুত উদ্ধারকারী দল সেখানে পৌঁছাতে পারছে না।

রোববার সকালে হিমলুং হিমালের শিবির থেকে প্রথমে আটজনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না বলে জানানো হয়। পরে নিখোঁজের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায়। হিমালয়ান হলিডেজ ট্রেকিংয়ের প্রতিষ্ঠাতা বিভূতি চন্দ্র ঠাকুর জানিয়েছেন, নিখোঁজ সবাই নেপালি। বিদেশি পর্বতারোহীরা এখনো হিমলুংয়ে পৌঁছাননি।

আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে বিদেশি পর্বতারোহী দলটির সেখানে যাওয়ার কথা ছিল। তার আগেই নেপালি কর্মীদের একটি দলকে পাহাড়ে পাঠানো হয়েছিল। তাঁদের দায়িত্ব ছিল শিবির প্রস্তুত করা, পথ পরিষ্কার করা, অভিযানের প্রয়োজনীয় ব্যবস্থা করা এবং দড়ি স্থাপনের কাজ। তুষারধসের সময় ওই দলটিই শিবিরে অবস্থান করছিল।

বিভূতি চন্দ্র ঠাকুর জানান, রোববার সকাল প্রায় ৯টা ৪০ মিনিটে হিমলুংয়ে থাকা এক শেরপা হেলিকপ্টার পাঠানোর জন্য যোগাযোগ করেন। তখন আটজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর নিখোঁজের সংখ্যা ১৪ জনে দাঁড়ায়।

উদ্ধার অভিযানের জন্য কাঠমান্ডু ও পোখারায় বেসরকারি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। নেপালের সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহারের বিষয়েও আলোচনা চলছে। তবে খারাপ আবহাওয়ার কারণে এখন পর্যন্ত কোনো হেলিকপ্টার হিমলুংয়ের দিকে উড়তে পারেনি।

নেপালের পর্যটন বিভাগের মহাপরিচালক রামকৃষ্ণ লামিছানে জানিয়েছেন, সরকার উদ্ধার তৎপরতার সঙ্গে যুক্ত রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিখোঁজদের মধ্যে রান্নার কর্মী, শেরপা গাইড ও অন্যান্য সহায়ক কর্মী রয়েছেন।

তিব্বত সীমান্তের কাছাকাছি মানাং জেলার নার ফু এলাকায় হিমলুং হিমালের অবস্থান। দুর্গম এই পর্বতে হেলিকপ্টার চলাচলের জন্য অতিরিক্ত অনুমতিরও প্রয়োজন হয়। ফলে প্রতিকূল আবহাওয়ার পাশাপাশি প্রশাসনিক ও ভৌগোলিক জটিলতাও উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।

গত কয়েক দিন ধরে নেপালের পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া আবহাওয়া ব্যবস্থার প্রভাবে ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি, বজ্রঝড়, প্রবল বাতাস এবং উঁচু এলাকায় তুষারপাতের সতর্কতা জারি করেছিল নেপালের পর্যটন বিভাগ। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পর্বতারোহী ও পর্যটকদের অভিযান স্থগিত রাখার পরামর্শও দেওয়া হয়েছিল।

খারাপ আবহাওয়ার প্রভাব পড়েছে নেপালের অন্যান্য পর্বতারোহণ অভিযানেও। মানাসলু ও ধবলগিরি অভিযানের একাধিক দল নিচে নেমে এসেছে। কোথাও অভিযান স্থগিত করা হয়েছে, আবার কোথাও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

হিমলুংয়ের ঘটনায় এখন নিখোঁজ ১৪ জনকে খুঁজে বের করাই মূল লক্ষ্য। তবে পাহাড়ে অব্যাহত তুষারপাত এবং হেলিকপ্টার উড়তে না পারায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। সময় যত গড়াচ্ছে, নিখোঁজদের নিয়ে উদ্বেগও তত বাড়ছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: