জাভা সাগরে ২৪৩ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার জাহাজ নিখোঁজ

Pinky Saha Pinky Saha ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ AM BST ২৬ বার পঠিত
জাভা সাগরে ২৪৩ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার জাহাজ নিখোঁজ

সংগৃহীত ছবি

জাভা সাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ২৪৩ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়েছে। শনিবার সকালে সুরাবায়া বন্দর থেকে দক্ষিণ কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের উদ্দেশে রওনা হওয়ার পর জাহাজটির সঙ্গে অপারেটরদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় সময় সকাল ১০টা ১৩ মিনিটে সুরাবায়া বন্দর ছাড়ে জাহাজটি। পরে প্রতিকূল আবহাওয়ার মধ্যে জাহাজটি দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পড়েছে বলে অপারেটর কোম্পানি প্রশাসনকে জানায়। এরপরই নিখোঁজ জাহাজ ও এর আরোহীদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে কর্তৃপক্ষ।

বানজারমাসিন অনুসন্ধান ও উদ্ধার অফিসের প্রধান আই পুতু সুদায়ানা জানিয়েছেন, জাহাজটি বৈরী আবহাওয়ার মুখে পড়ার বার্তা পাওয়ার পরপরই প্রশাসনকে অবহিত করা হয়। এদিকে জাহাজটি থেকে সর্বশেষ অবস্থানসংক্রান্ত সংকেত পাওয়া যায় বানজারমাসিনের একটি জেটি থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে জাভা সাগরের এলাকায়।

নিখোঁজদের সন্ধানে বানজারমাসিনের বাসিরিহ সার্চ অ্যান্ড রেসকিউ জেটি থেকে একটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে। বিপুলসংখ্যক যাত্রী থাকায় উদ্ধার অভিযানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান চালানো হচ্ছে।

এখন পর্যন্ত নিখোঁজ জাহাজটির কোনো আরোহীর সন্ধান পাওয়া গেছে বা কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় ফেরি ও যাত্রীবাহী জাহাজ যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। বিমান ভ্রমণের তুলনায় নৌপথ অপেক্ষাকৃত সাশ্রয়ী ও সহজলভ্য হওয়ায় দেশটির বিপুলসংখ্যক মানুষ নিয়মিত এ পথে চলাচল করেন। তবে দুর্বল নিরাপত্তাব্যবস্থা ও নজরদারির কারণে ইন্দোনেশিয়ার নৌপথে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: