খান ইউনিসে হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যার দাবি ইসরাইলের

Pinky Saha Pinky Saha ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৪ PM BST ২৯ বার পঠিত
খান ইউনিসে হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যার দাবি ইসরাইলের

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে চালানো এক হামলায় হামাসের অর্থ বিভাগের প্রধান মোহাম্মদ আবু আলওয়ান নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক সামরিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর আলজাজিরার।

ইসরাইলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, প্রায় এক দশক ধরে খান ইউনিস এলাকায় সক্রিয় ছিলেন আবু আলওয়ান। হামাসের বিভিন্ন শাখা ও বিভাগের অর্থ সংস্থান এবং বাজেট পরিচালনার সঙ্গে তিনি সরাসরি যুক্ত ছিলেন বলে দাবি করেছে ইসরাইলি বাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়, আবু আলওয়ানের সরাসরি নির্দেশনায় হামাসের সামরিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ১০০ কোটি শেকেলেরও বেশি অর্থ স্থানান্তর করা হয়েছিল। ইসরাইলি সেনাবাহিনীর হিসাবে, এই অর্থের পরিমাণ প্রায় ৩৩ কোটি মার্কিন ডলারের সমান।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আরও দাবি করেছে, হামাসের পরিচালন কাঠামো টিকিয়ে রাখা এবং সংগঠনটির অস্তিত্ব ধরে রাখার ক্ষেত্রে আবু আলওয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তাকে সংগঠনটির অন্যতম প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি হিসেবেও উল্লেখ করেছে ইসরাইলি বাহিনী।

তবে ইসরাইলি সেনাবাহিনীর এই দাবির বিষয়ে হামাসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়েছে কি না, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: