Photo Collected
মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনায় ইসরায়েলের সঙ্গে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে দুবাইভিত্তিক বিমান সংস্থা ফ্লাইদুবাই। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই থেকে তেল আবিবগামী ‘এফজেড১০৭৩’ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ককপিটে সংঘর্ষের পর ১৭৪ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
ফ্লাইদুবাইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তদন্ত চলাকালে ইসরায়েল থেকে ও ইসরায়েলগামী সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার মূল কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত চলছে। যাত্রী, ক্রু ও উড়োজাহাজের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।
বুধবার সকালে ১৭৪ জন যাত্রী নিয়ে দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে যাত্রা করে বোয়িং উড়োজাহাজটি। আকাশে থাকার সময় ককপিটে ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসারের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অন্য ক্রু সদস্যরা ফ্লাইট ডেকের নিয়ন্ত্রণ নেন এবং উড়োজাহাজটির গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করান।
বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষে ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার দুজনই আহত হন। জরুরি অবতরণের পর তাঁদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে উড়োজাহাজে থাকা ১৭৪ যাত্রী ও অন্য কেবিন ক্রুরা নিরাপদ ছিলেন।
ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে সৌদি আরবের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি সেন্টার। মাঝআকাশে দুই পাইলটের মধ্যে সংঘর্ষের কারণ কী এবং এ ঘটনায় বিমান চলাচলের নিরাপত্তাবিধি লঙ্ঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।
এদিকে তাবুক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি অবতরণের পর যাত্রীদের নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়। পরে ফ্লাইদুবাই একটি বিকল্প উড়োজাহাজ পাঠালে যাত্রীরা গন্তব্যের উদ্দেশে আবার রওনা হন।
ফ্লাইদুবাই জানিয়েছে, তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে ইসরায়েলগামী ও ইসরায়েল থেকে পরিচালিত ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে। আকস্মিকভাবে ফ্লাইট বন্ধ হওয়ায় যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে বিকল্প ভ্রমণের ব্যবস্থা করার কথাও জানিয়েছে সংস্থাটি।