ম্যাকলমোরের ১০ লাখ ডলার দান, ফিলিস্তিন ইস্যুতে তারকাদের অবস্থান দুই মেরুতে

Pinky Saha Pinky Saha ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ AM BST ২৩ বার পঠিত
ম্যাকলমোরের ১০ লাখ ডলার দান, ফিলিস্তিন ইস্যুতে তারকাদের অবস্থান দুই মেরুতে

Photo Collected

ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে কথা বলার পর এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে বাদ পড়া মার্কিন র‍্যাপার ম্যাকলমোর তাঁর পুরো ১০ লাখ ডলার আয় ফিলিস্তিনিদের সহায়তায় দান করার ঘোষণা দিয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই অর্থ ছয়টি সংগঠনের মাধ্যমে ফিলিস্তিনিদের সহায়তায় ব্যয় করা হবে।

ম্যাকলমোরের ঘোষণার পর তাঁর প্রতি সংহতি জানিয়ে ট্যুর থেকে সরে দাঁড়ান ফিনিয়াস, লুকাস গ্রাহাম, অ্যারন রো ও ব্যান্ড বিওগা। ম্যাকলমোরকে সেপ্টেম্বরে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ‘ফ্রি প্যালেস্টাইন’ মন্তব্য করার পর ট্যুর থেকে সরিয়ে দেওয়া হয়। ট্যুরের প্রোমোটার জানিয়েছে, ভেন্যু মালিকদের আপত্তির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ম্যাকলমোর তাঁর ১০ লাখ ডলারের অনুদান ছয়টি সংগঠনের মধ্যে ভাগ করে দেওয়ার কথা জানিয়েছেন। এর মধ্যে রয়েছে প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড, হিল প্যালেস্টাইন, গাজা স্যুপ কিচেন, মেডিক্যাল এইড ফর প্যালেস্টিনিয়ানস, ইউএনআরডব্লিউএ ইউএসএ ন্যাশনাল কমিটি ও আনেরা।

তিনি নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মালিক রবার্ট ক্রাফটকে সমপরিমাণ অর্থ দেওয়ার আহ্বান জানান। পরে ক্রাফট জানান, এড শিরান তাঁকে ২০ লাখ ডলার মানবিক সহায়তার জন্য দিতে অনুরোধ করেছিলেন। ক্রাফটও ২০ লাখ ডলার দেওয়ার ঘোষণা দেন। অর্থাৎ শিরান ও ক্রাফটের পক্ষ থেকে মোট ৪০ লাখ ডলারের সহায়তার কথা জানানো হয়েছে। তবে এ অর্থ কোন সংগঠনের মাধ্যমে দেওয়া হবে, তা স্পষ্ট করা হয়নি।

এদিকে ম্যাকলমোরকে ঘিরে বিতর্কে মুখ খুলেছেন পিঙ্ক ফ্লয়েডের সহপ্রতিষ্ঠাতা রজার ওয়াটার্স। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি ম্যাকলমোরের অবস্থানের প্রতি সমর্থন জানান এবং এড শিরানের সমালোচনা করেন।

ফিলিস্তিন ইস্যুতে তারকাদের অবস্থান নিয়ে কয়েক বছর ধরেই সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে বিভাজন দেখা যাচ্ছে। ম্যাকলমোর, দুয়া লিপা, বেলা হাদিদ, মার্ক রাফালো, র‍্যামি ইউসুফ ও র‍্যাচেল জেগলারের মতো তারকারা বিভিন্ন সময়ে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছেন। অন্যদিকে গাল গ্যাদত, মাইকেল ডগলাস, হেলেন মিরেনসহ বহু তারকা ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও হামাসের নিন্দা জানিয়ে বিবৃতিতে স্বাক্ষর করেছিলেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: