Photo Collected
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক আফগান নারী সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়ে তার পোশাক নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তালেবানের অধীনে আফগান নারীদের অধিকার নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে আসিফ তার পোশাকের দিকে ইঙ্গিত করেন এবং আফগানিস্তানে এভাবে গেলে তার ‘গলা কেটে দেওয়া হতে পারে’—এমন ইঙ্গিত করেন।
সাংবাদিকের প্রশ্ন ছিল, তালেবান যখন পাকিস্তানের ঘনিষ্ঠ ছিল, তখন আফগান নারীদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপের বিষয়ে ইসলামাবাদ কেন তাদের চ্যালেঞ্জ করেনি এবং এখন তালেবানের প্রতি পাকিস্তানের বার্তা কী। প্রতিবেদনে বলা হয়েছে, আসিফ প্রশ্নটির সরাসরি উত্তর না দিয়ে সাংবাদিকের পোশাকের দিকে ইঙ্গিত করেন এবং পরে গলা কাটার মতো অঙ্গভঙ্গি করেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়। সমালোচকদের অনেকে বলছেন, আফগান নারীদের অধিকার ও তালেবানের নীতির মতো গুরুতর প্রশ্নের জবাবে সাংবাদিকের পোশাককে কেন্দ্র করে এমন মন্তব্য করা অনুচিত। ভিডিওতে আসিফের সঙ্গে থাকা কয়েকজনকে হাসতেও দেখা যায়।
এ সময় খাজা আসিফ পাকিস্তানের সঙ্গে তালেবানের অতীত সম্পর্ক নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, তালেবানকে বন্ধু হিসেবে বিবেচনা করা পাকিস্তানের জন্য ‘বড় ভুল’ ছিল। বর্তমানে দুই দেশের সম্পর্কের অবনতি এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে টানাপোড়েনের মধ্যেই তাঁর এই মন্তব্য সামনে এলো।
আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়েও আসিফ সমালোচনামূলক মন্তব্য করেন। গত চার দশকে যুদ্ধ ও সংঘাতের কারণে লাখ লাখ আফগান পাকিস্তানে আশ্রয় নিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা বেড়েছে। পাকিস্তান আফগানিস্তানে অবস্থানরত তালেবান-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোকে পাকিস্তানে হামলায় সহায়তা দেওয়ার অভিযোগ করে আসছে। তালেবান এসব অভিযোগ অস্বীকার করে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সময় নিউইয়র্কে এই কথোপকথনটি হয়। ভিডিওটি কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং আসিফের বক্তব্য ও অঙ্গভঙ্গি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়।