নেপাল বিপর্যয়ের পর উত্তরবঙ্গে সতর্কতা, কালিম্পংয়ে শুভেন্দু

Pinky Saha Pinky Saha ৮ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৫ PM BST ২০ বার পঠিত
নেপাল বিপর্যয়ের পর উত্তরবঙ্গে সতর্কতা, কালিম্পংয়ে শুভেন্দু

শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

প্রতিবেশী নেপালে সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ের পর উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলোতেও দুর্যোগের আশঙ্কা বাড়ছে। ভারী বৃষ্টিতে দার্জিলিং ও কালিম্পংসহ পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি নিয়ে সতর্ক রয়েছে প্রশাসন। এর মধ্যেই মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সফরসূচি অনুযায়ী, বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে কালিম্পং যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। আবহাওয়া অনুকূলে না থাকলে সড়কপথে যাওয়ার বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। কালিম্পং টাউন হলে একটি সরকারি অনুষ্ঠানে পাহাড়বাসীর হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়ার পাশাপাশি প্রশাসনিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

পরে শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখানে উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতি, বন্যা-ভূমিধসের আশঙ্কা এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ গুরুত্ব পেতে পারে ধসপ্রবণ এলাকা, পাহাড়ি সড়ক, নদী-খাল এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি।

এরই মধ্যে মিরিকে ভূমিধসে রংভং নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে বড় ধরনের জলাধার তৈরি হয়েছে। নদীতে মাটি, পাথর ও ধ্বংসাবশেষ জমে বাঁধের মতো প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় নিচের দিকে থাকা এলাকাগুলোতে আকস্মিক জলপ্রবাহের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন বিশেষজ্ঞদের সহায়তা নিচ্ছে এবং সেনাবাহিনীর সহায়তার উদ্যোগও নেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসেও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনার কথা বলা হয়েছে। কালিম্পংয়ের জন্য ৮ সেপ্টেম্বর বজ্রপাত ও দমকা হাওয়াসহ বৃষ্টির সতর্কতা রয়েছে।

প্রশাসনের আশঙ্কা, অতিবৃষ্টির সময় পাহাড়ে ভূমিধসের পাশাপাশি নদী ও খালে আকস্মিক পানিপ্রবাহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এ কারণে দুর্যোগ ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগাম প্রস্তুতি, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং দ্রুত সতর্কবার্তা পৌঁছে দেওয়ার ওপর এবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রীর এই সফরের অন্যতম উদ্দেশ্য হিসেবে তাই পাহাড়ের বাস্তব পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা এবং প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার বিষয়টি সামনে এসেছে। পাশাপাশি উত্তরবঙ্গের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতিও বৈঠকে পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: