পেরেজের বিরুদ্ধে বার্সেলোনার মামলা, ২৫ নভেম্বর আদালতে শুনানি

Pinky Saha Pinky Saha ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১:০৯ PM BST ২১ বার পঠিত
পেরেজের বিরুদ্ধে বার্সেলোনার মামলা, ২৫ নভেম্বর আদালতে শুনানি

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের বিরুদ্ধে বার্সেলোনার করা আইনি পদক্ষেপ নতুন মোড় নিয়েছে। পেরেজ ও এফসি বার্সেলোনাকে আগামী ২৫ নভেম্বর মাদ্রিদের একটি আদালতে সমঝোতার শুনানিতে হাজির হতে বলা হয়েছে। মামলাসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বার্সেলোনার অভিযোগের পর অনুষ্ঠিত হতে যাওয়া এই শুনানি ব্যর্থ হলে পেরেজের বিরুদ্ধে মানহানির ফৌজদারি অভিযোগ দায়েরের পথ খুলতে পারে। গত ১২ জুন পেরেজের কিছু মন্তব্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছিল কাতালান ক্লাবটি।

বিতর্কের সূত্রপাত গত মে মাসে পেরেজের করা একটি মন্তব্যকে ঘিরে। তিনি বার্সেলোনার বিরুদ্ধে রেফারিদের কাছ থেকে সুবিধা পাওয়ার জন্য কৌশল করার অভিযোগ তুলেছিলেন। বার্সেলোনা ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে।

কাতালান ক্লাবটির দাবি, পেরেজের মন্তব্য মিথ্যা, মানহানিকর এবং ক্লাবের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর। সমঝোতার প্রক্রিয়া ব্যর্থ হলে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে বলেও জানিয়েছে বার্সেলোনা।

এই বিরোধের কেন্দ্রে রয়েছে ১২ মে পেরেজের এক সংবাদ সম্মেলনের বক্তব্য। সেখানে তিনি ‘নেগ্রেইরা মামলা’ নিয়ে কথা বলেন। স্পেনের আদালতে চলমান এই তদন্তে বার্সেলোনার প্রায় দুই দশক ধরে সাবেক রেফারি কমিটির সহসভাপতি হোসে মারিয়া এনরিকেস নেগ্রেইরার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি কোম্পানিকে দেওয়া অর্থের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ওই অর্থের পরিমাণ প্রায় ৭০ লাখ ইউরো পর্যন্ত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্তের অন্যতম বিষয় হলো, এই অর্থের মাধ্যমে বার্সেলোনা প্রতিযোগিতায় কোনো সুবিধা পাওয়ার চেষ্টা করেছিল কি না।

তবে বার্সেলোনা কোনো ধরনের অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছে। ক্লাবটির দাবি, নেগ্রেইরার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দেওয়া অর্থ রেফারিদের নিয়ে প্রতিবেদন ও পরামর্শের জন্য দেওয়া হয়েছিল। ২০২৪ সালে একটি আদালত বার্সেলোনার বিরুদ্ধে ঘুষের অভিযোগ খারিজও করেছিল।

অন্যদিকে পেরেজ ওই ঘটনাকে ফুটবলে দুর্নীতির গুরুতর ঘটনা হিসেবে বর্ণনা করেছিলেন। তিনি বার্সেলোনার রেফারি কমিটির সাবেক কর্মকর্তার সঙ্গে অর্থ লেনদেনের বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছিলেন।

এ ছাড়া রিয়াল মাদ্রিদকে অতীতে লিগ শিরোপা থেকে বঞ্চিত করা হয়েছে বলেও দাবি করেছিলেন পেরেজ। তাঁর ওই বক্তব্য এবং নেগ্রেইরা মামলা নিয়ে মন্তব্যই পরবর্তী সময়ে বার্সেলোনার আইনি পদক্ষেপের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

এখন ২৫ নভেম্বরের সমঝোতার শুনানির দিকে তাকিয়ে দুই স্প্যানিশ জায়ান্টের এই আইনি বিরোধ। সমঝোতা না হলে বিষয়টি ফৌজদারি অভিযোগের দিকে এগোতে পারে বলে জানিয়েছে বার্সেলোনা।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: