Photo Collected
পশ্চিমবঙ্গ সরকারের স্টেট ডেটা সেন্টারের সার্ভারে টানা পাঁচ দিন সাইবার হামলা চালানোর খবর প্রকাশ্যে এসেছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ৯ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সার্ভারে ম্যালওয়্যার স্ক্রিপ্ট চালিয়ে একাধিক সরকারি তথ্যকেন্দ্রে প্রবেশের চেষ্টা চালানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ৯ সেপ্টেম্বর হামলা শুরু হলেও ১৩ সেপ্টেম্বর দুপুরের আগে বিষয়টি রাজ্য তথ্যকেন্দ্রের কর্মকর্তাদের নজরে আসেনি। পরদিন সাইবার ফরেনসিক দল তদন্তে নেমে টানা পাঁচ দিন সার্ভারে ম্যালওয়্যার চালানোর তথ্য পায়। হামলার সময় অন্তত ৫০টি ভার্চ্যুয়াল মেশিন সক্রিয় ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হামলার ফলে অর্থ দপ্তরসহ অন্তত চারটি সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসব তথ্যের মধ্যে সরকারি প্রকল্প, জন্ম ও মৃত্যুনিবন্ধন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং সরকারি আর্থিক লেনদেন-সংক্রান্ত নথি থাকার কথা বলা হয়েছে। এমনকি এসব তথ্যের ব্যাকআপও ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
তবে অর্থ দপ্তরের অভ্যন্তরীণ সিস্টেম আক্রান্ত হয়নি বলে বিশেষজ্ঞদের বরাতে জানিয়েছে আনন্দবাজার। অন্যদিকে, সাইবার হামলার প্রভাবে পূর্ত, আবাসন, পৌর ও নগর উন্নয়ন এবং পুলিশসহ একাধিক দপ্তরের ওয়েবসাইটে সমস্যা দেখা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জন্ম-মৃত্যু সনদসহ বিভিন্ন অনলাইন পরিষেবাও বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে।
স্টেট ডেটা সেন্টারটি পশ্চিমবঙ্গ সরকারের তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিকস দপ্তরের অধীন এবং ওয়েবেলের মাধ্যমে পরিচালিত হয়। সরকারি ওয়েবসাইট অনুযায়ী, এখানে বিভিন্ন ই-গভর্ন্যান্স অ্যাপ্লিকেশন, কেন্দ্রীয় তথ্যভান্ডার ও সরকারি পরিষেবার তথ্য সংরক্ষণ করা হয়।
হামলার বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আনন্দবাজার তথ্যপ্রযুক্তিমন্ত্রী কল্যাণ চক্রবর্তীর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাঁর বা তাঁর দপ্তরের কোনো জবাব পাওয়া যায়নি।