রিয়াদ বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, হুতির ক্ষেপণাস্ত্র হামলার দাবি

Pinky Saha Pinky Saha ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ AM BST ২৭ বার পঠিত
রিয়াদ বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, হুতির ক্ষেপণাস্ত্র হামলার দাবি

Photo Collected

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে শনিবার ভোরে বিকট বিস্ফোরণের শব্দ ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এ ঘটনার উৎস হিসেবে সৌদি আরবের দিকে ছোড়া হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কথা জানিয়েছে ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীটি। সৌদি নেতৃত্বাধীন হুতিবিরোধী জোটও জানিয়েছে, হুতিরা রিয়াদের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যা আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে শনাক্ত ও প্রতিহত করা হয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তাদের এক সাংবাদিক কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ডিপোতে আগুন দেখতে পান। সেখানে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর লোগোযুক্ত একটি জ্বালানি ট্যাংকে আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, শনিবার ভোরে রিয়াদের দিকে হুতি মিলিশিয়াদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি বিমানবাহিনী সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে।

অন্যদিকে, হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে দাবি করেন, সৌদি আরবের সাম্প্রতিক হামলার জবাবে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে দুটি সামরিক অভিযান চালানো হয়েছে। তাঁর দাবি অনুযায়ী, একটি অভিযানে রিয়াদের সংবেদনশীল স্থাপনা এবং অন্যটিতে ইয়ানবুতে আরামকোর স্থাপনাগুলো লক্ষ্য করা হয়।

তুর্কি আল-মালিকি আরও দাবি করেন, হুতিরা সৌদি আরবের বিশা, তাইফ, ফারাসান ও ইয়ানবু এলাকায় সাধারণ মানুষ ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার চেষ্টা করেছিল। সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এসব হামলা প্রতিহত করেছে বলেও জানান তিনি।

এদিকে, রিয়াদের বিস্ফোরণের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। এএফপি জানিয়েছে, তারা ভিডিওটির সত্যতা যাচাই করেছে। স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা এবং বিমানবন্দরের দিকে আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখা যাওয়ার কথা জানিয়েছেন।

এর আগে শুক্রবার দিবাগত রাত তিনটার কিছু আগে রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন শহরের বাসিন্দাদের মোবাইলে আকাশপথে হামলার আশঙ্কা জানিয়ে সতর্কবার্তা পাঠানো হয়। এতে বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। প্রায় ৩০ মিনিট পর ওই সতর্কতা তুলে নেওয়া হয়। এরপরই রিয়াদের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে এএফপি জানিয়েছে।

উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, শনিবার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে।

এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোও নিরাপত্তা সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায় এমন সংঘাতের বিষয়ে সতর্ক করা হয়েছে, যা দ্রুত তীব্র আকার ধারণ করতে পারে।

ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা এবং সৌদি ভূখণ্ডে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাল্টাপাল্টি ঘটনায় অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: