শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে আলবেনিয়ায় জেন-জিদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

Pinky Saha Pinky Saha ১৪ অক্টোবর ২০২৬, ২:১৩ PM BST ২৬ বার পঠিত
শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে আলবেনিয়ায় জেন-জিদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

Photo Collected

শিক্ষার পরিবেশের উন্নয়ন, উচ্চশিক্ষার ব্যয় কমানো, আর্থিক সহায়তা বৃদ্ধি ও কর্মসংস্থানের দাবিতে আলবেনিয়ায় বিক্ষোভে নেমেছেন জেন-জির তরুণেরা। রাজধানী তিরানায় শিক্ষার্থীদের বিক্ষোভ একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের ভবন লক্ষ্য করে ইট ও কংক্রিটের টুকরা ছোড়েন বিক্ষোভকারীরা। জবাবে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। আন্দোলনের আয়োজকেরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, উচ্চশিক্ষার খরচ, আর্থিক সহায়তা এবং পড়াশোনা শেষে চাকরি পাওয়ার সুযোগ নিয়ে অসন্তোষ থেকেই এই বিক্ষোভের সূত্রপাত। বিক্ষোভকারীদের কেউ কেউ দেশের সামাজিক বৈষম্য ও সরকারের প্রতি ক্ষোভের কথাও তুলে ধরেছেন।

বিক্ষোভকারী লুলজেতা কোলা বলেন, আলবেনিয়ায় পরিবর্তন প্রয়োজন এবং পুরো ব্যবস্থার আমূল সংস্কার দরকার। তাঁর মতে, দেশটিতে সামাজিক অবিচার গভীর এবং ধনী-দরিদ্রের ব্যবধান অনেক বেশি।

আলবেনিয়ায় শিক্ষার্থীদের এই আন্দোলন ইউরোপের বিভিন্ন দেশে চলমান ছাত্র বিক্ষোভের মধ্যে ঘটল। ফ্রান্সেও কয়েক সপ্তাহ ধরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষক নিয়োগ বাড়ানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা উন্নত করার দাবিতে আন্দোলন করছেন।

ফরাসি শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের ভবনগুলোর অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে এবং শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। শিক্ষকসংকট, শ্রেণিকক্ষে ভিড় ও জরাজীর্ণ অবকাঠামোর প্রতিবাদে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দেশজুড়ে শুরু হওয়া এ আন্দোলনে শত শত স্কুল অবরোধ করা হয়েছে। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

আলবেনিয়া ও ফ্রান্সের শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষা খাতের সমস্যা, কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং সামাজিক বৈষম্য নিয়ে তরুণদের অসন্তোষ সামনে এসেছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: