সৌদির তেল পাইপলাইনে হামলার ড্রোন উৎক্ষেপণ প্ল্যাটফর্ম জব্দ ইরাকে

Pinky Saha Pinky Saha ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ PM BST ২৫ বার পঠিত
সৌদির তেল পাইপলাইনে হামলার ড্রোন উৎক্ষেপণ প্ল্যাটফর্ম জব্দ ইরাকে

ছবি: সংগৃহীত

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্রোন হামলায় ব্যবহৃত একটি উৎক্ষেপণ প্ল্যাটফর্ম জব্দ করার দাবি করেছে ইরাকি কর্তৃপক্ষ। শনিবার ইরাকের নিরাপত্তা মিডিয়া সেলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাদ মান জানান, বিশেষ গোয়েন্দা দলের অভিযানে ড্রোন উৎক্ষেপণের সরঞ্জামটি শনাক্ত করা হয়েছে।

ইরাকি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মায়সান প্রদেশ থেকে ড্রোনগুলো উৎক্ষেপণ করা হয়েছিল। এলাকাটি ইরান সীমান্তের কাছাকাছি। হামলার লক্ষ্যস্থল ৮০০ থেকে ১১০০ কিলোমিটার দূরে হওয়ায় বিশ্লেষকদের ধারণা, এতে উন্নত ও দূরপাল্লার ড্রোন ব্যবহার করা হয়ে থাকতে পারে।

হামলার পর ইরাক ইরানের সঙ্গে কয়েকটি সীমান্ত ক্রসিং সাময়িকভাবে বন্ধ করে দেয়। একই সময়ে মায়সান প্রদেশের সামরিক কমান্ডার ও পুলিশ প্রধানকে বরখাস্ত করে সীমান্ত অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়।

এদিকে ইরাকের অনুরোধে সৌদি আরব আপাতত কোনো পাল্টা সামরিক পদক্ষেপ না নিয়ে রাজনৈতিক সমাধানের সুযোগ দিচ্ছে বলে জানানো হয়েছে। ইরাক সরকারও স্পষ্ট করেছে, নিজেদের ভূখণ্ডকে অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলার ঘাঁটি কিংবা প্রক্সি সংঘাতের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।

হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনটি বন্ধ করে দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এই পাইপলাইন দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের আনুমানিক ৪ থেকে ৫ শতাংশ পরিবহন করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা খুঁজে বের করতে বাগদাদ, রিয়াদ ও তেহরানের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় এবং তদন্ত চলছে। ইরাকি কর্তৃপক্ষ বলছে, নিজেদের ভূখণ্ড ব্যবহার করে এ ধরনের হামলা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: