স্ত্রীর মৃত্যুর দুই দিন পর হাসপাতালে মাহাথির মোহাম্মদ

Pinky Saha Pinky Saha ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৫ PM BST ২৯ বার পঠিত
স্ত্রীর মৃত্যুর দুই দিন পর হাসপাতালে মাহাথির মোহাম্মদ

Photo Collected

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর দুই দিন পর মঙ্গলবার রাতে তাঁকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বুধবার মাহাথিরের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মাহাথিরের সহযোগী সুফি ইউসুফ জানিয়েছেন, ১০১ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখা হয়েছে। তবে ঠিক কী কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। আনুষ্ঠানিকভাবে রোগনির্ণয় না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দুই দফায় ২০ বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন মাহাথির। তাঁর হৃদ্‌যন্ত্রের সমস্যা রয়েছে এবং এর আগে তাঁর বাইপাস সার্জারিও হয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে পড়ে গিয়ে নিতম্বে চোট পাওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহাথির। এবার স্ত্রীকে হারানোর মাত্র দুই দিনের মাথায় তাঁকে আবার হাসপাতালে নেওয়া হলো।

মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ ছিলেন চিকিৎসক ও জনস্বাস্থ্যকর্মী। প্রায় ৭০ বছরের দাম্পত্য জীবনের পর ২৮ সেপ্টেম্বর ১০০ বছর বয়সে মারা যান তিনি।

স্ত্রীর মৃত্যুর পর মাহাথিরকে আবেগাপ্লুত অবস্থায় দেখা গেছে। তাঁর শেষকৃত্যের সময় ধারণ করা একটি ভিডিও তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতে প্রকাশ করা হয়। সেখানে মালয়েশিয়ার সাবেক রাজার সঙ্গে কথা বলার সময় চোখের পানি মুছতে মুছতে মাহাথিরকে বলতে শোনা যায়, ‘আমি ভাবিনি, আজ তাঁর মৃত্যু হবে।’

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: