ভারতে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি কলকাতার ব্যবসায়ীদের

Pinky Saha Pinky Saha ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৯ PM BST ৩১ বার পঠিত
ভারতে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি কলকাতার ব্যবসায়ীদের

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। এ বিষয়ে বাংলাদেশের নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে লিখিত আবেদন করেছে সংগঠনটি। ভারতীয় ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা থাকায় দুই দেশের ইলিশ বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সম্প্রতি পাঠানো চিঠিতে কলকাতার ব্যবসায়ীরা জানান, ১৯৯৬ সাল থেকে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে আসছিলেন তারা। তবে ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর তাদের এই ব্যবসা কার্যত বন্ধ হয়ে যায়।

ব্যবসায়ীদের ভাষ্য, নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ২০১২ সালের পর বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানানো হলেও এখনো স্থায়ীভাবে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়নি। তবে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুমতির মাধ্যমে সীমিত সময়ের জন্য ভারতে ইলিশ পাঠানোর সুযোগ দেওয়া হচ্ছে। তাদের মতে, এ ধরনের সাময়িক ব্যবস্থা ভারতের বাজারের চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়।

চিঠিতে দুই বাংলার মানুষের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথাও তুলে ধরেছেন ভারতীয় ব্যবসায়ীরা। ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে তারা উল্লেখ করেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম ও ত্রিপুরার মানুষের মধ্যেও বাংলাদেশের পদ্মার ইলিশের বিশেষ চাহিদা রয়েছে বলে দাবি করেছেন তারা।

ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের দাবি, বাংলাদেশ থেকে ভারতে নিয়মিত ইলিশ রপ্তানির সুযোগ দেওয়া হলে বিশেষ করে পশ্চিমবঙ্গের ভোক্তারা উপকৃত হবেন। পাশাপাশি বৈধ বাণিজ্য বাড়ার মাধ্যমে দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে বলেও মনে করছেন তারা।

চিঠির বিষয়ে জানতে চাইলে কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মকসুদ বলেন, বাংলাদেশের ইলিশ কলকাতার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু বাংলাদেশ সরকারের রপ্তানি নিষেধাজ্ঞার কারণে তারা বর্তমানে নিয়মিতভাবে ইলিশ আমদানি করতে পারছেন না।

তিনি জানান, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করা হয়েছে। বিষয়টি সরকার বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশে ইলিশ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্যসম্পদ হওয়ায় এর রপ্তানি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা ধরনের নীতি ও বাজারসংক্রান্ত আলোচনা রয়েছে। ফলে কলকাতার ব্যবসায়ীদের নতুন এই আবেদন বাস্তবে কতটা প্রভাব ফেলবে, তা নির্ভর করবে বাংলাদেশ সরকারের নীতিগত সিদ্ধান্তের ওপর।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: